প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের সুরমা নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করে, সুনামগঞ্জ জেলা প্রশাসন জরুরি সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন এলাকা থেকে পর্যটক পরিবহনকারী হাউসবোটের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনা তুলে ধরেন। উল্লেখ্য, নির্দেশনাটি জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
এই জরুরি নির্দেশনায় উল্লেখ রয়েছে যে, সুনামগঞ্জ জেলা এবং ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এলাকায় অতিবৃষ্টির কারণে সুরমা নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে। এর ফলে হাওরাঞ্চল ও নদীপথে নৌযান চলাচলে সংকটের সৃষ্টি হচ্ছে। তাই, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব হাউসবোট মালিক, চালক ও সংশ্লিষ্টদের জন্য জরুরি সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।
জরুরি সতর্কতামূলক নির্দেশনায় সাতটি পয়েন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এতে বলা হয়েছে, যদি প্রতিকূল আবহাওয়া, ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া বা নদীতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিরাজ করে, তবে কোনো অবস্থাতেই পর্যটক নিয়ে যাত্রা করা যাবে না। প্রতিটি হাউসবোটে ধারণক্ষমতা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক মানসম্মত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং এবং অন্যান্য জরুরি নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, হাউসবোটে অতিরিক্ত যাত্রী বহন করা সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। আবহাওয়ার পূর্বাভাস, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সতর্কতা নিয়মিত অনুসরণ করতে হবে। যাত্রা শুরুর আগে পর্যটকদের নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অবহিত করতে হবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
যদি পরিস্থিতির অবনতি ঘটে বা স্থানীয় প্রশাসন প্রয়োজন মনে করে হাউসভোট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়, তবে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান এই সময় বলেন, অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিটি নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তাই পর্যটক পরিবহনকারী হাউসবোটগুলোকে জেলা প্রশাসনের জরুরি নির্দেশনা অনুসরণ করার জন্য জোর দাবি জানানো হয়েছে। এর ফলে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করা হবে এবং পর্যটকেরা ঝুঁকিমুক্ত পরিবেশে নিরাপদে ভ্রমণ করতে সক্ষম হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন