প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সরকারি হাসপাতালের সামনে আর নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। মঙ্গলবার সকালে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন ব্যাপকভাবে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার আসার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। বর্তমানে অনুমোদিত ক্লিনিকগুলো যদি সঠিকভাবে কার্যক্রম পরিচালনা না করে, সেক্ষেত্রেও সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
উপজেলা হাসপাতালগুলোতে যথেষ্ট অ্যান্টিভেনম থাকার পরও সাপের কামড়ে রোগী মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সাপ কামড়ানোর পর রোগীকে বিষধর সাপের দংশনে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য কিছুক্ষণ পর্যবেক্ষণ করা হয়। অনেক সময় হাসপাতালে আসতে দেরি হওয়ায় রোগীর অবস্থা গুরুতর হয়ে যায়। তাই সাপ দংশনের সঙ্গে সঙ্গে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনম মজুত রয়েছে।
স্বাস্থ্যখাতের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, আগামী অক্টোবর মাস থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে। আগামী দুই বছরের মধ্যে এখানে ১০ জন রোগীকে একসঙ্গে ডায়ালাইসিস দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া, আধুনিক প্যাথলজি ল্যাব এবং পুরুষ ও নারীদের জন্য আলাদা ফিজিওথেরাপি সেন্টারও চালু করা হবে।
পরিদর্শনের সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা হাসপাতাল ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরলে মন্ত্রী তা সমাধানের আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
অন্যান্য উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন তিথি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুসরাত ফারজানা খানসহ আরও অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন