প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন। তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এটি প্রধানমন্ত্রীর ফেনীতে প্রথম সফর হিসেবে চিহ্নিত হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
বেলা ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর বেলা দুইটায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
বেলা তিনটায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল পাঁচটায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে ফেনী ত্যাগ করবেন। রাত নয়টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ফেনীতে প্রস্তুতি কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। পরশুরামের মুহুরী নদী–সংলগ্ন ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে জনসভাস্থলের অবকাঠামো তৈরির প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে। উদ্বোধনী ফলকও ইতিমধ্যে স্থাপন করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জনসভায় অংশগ্রহণকারী মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। সভাস্থলে পানির ট্যাংক, পোর্টেবল টয়লেট স্থাপনসহ স্যানিটেশন–ব্যবস্থার কাজ চলছে। পাশাপাশি অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও চলছে।
সড়ক যোগাযোগ স্বাভাবিক ও নিরাপদ রাখতে ফেনী-পরশুরাম আঞ্চলিক প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে মেরামত ও সংস্কারকাজ করা হয়েছে। বিভিন্ন সরকারি বিভাগের পক্ষ থেকে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানিয়েছেন, সভাস্থলে নিরাপত্তাব্যবস্থাকে তিনটি জোনে ভাগ করা হবে। এগুলো হলো রেড, ইয়েলো ও হোয়াইট জোন। রেড জোনে প্রবেশের সুযোগ পাবেন যারা, তাদের বিশেষ সিকিউরিটি কার্ড দেওয়া হবে। ইয়েলো জোনের জন্য আলাদা কার্ড থাকবে। যারা এই কার্ড পাবেন, তারাই কেবল ইয়েলো জোনে যেতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরে যে এলাকা থাকবে, সেটি হোয়াইট জোন হিসেবে বিবেচিত হবে। এই জোনে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন।
জেলা প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ, পিজিআর ছাড়াও সীমান্ত এলাকা হওয়ায় নয় প্লাটুন বিজিবি, তিন হাজারের মতো পুলিশের বিভিন্ন বিভাগের সদস্য, এসআরবি, কোস্টগার্ড ও আনসার সদস্যরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করবেন।
ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ফেনী প্রধানমন্ত্রীর নানার বাড়ি। এই এলাকায় প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মানুষ প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন