প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সকাল থেকে অফিসে কাজ করা, টানা ৯ থেকে ১০ ঘণ্টা বসে থাকা। দিনের বেশির ভাগ সময় চেয়ারে কাটানোর ফলে বাড়ি ফেরার পর বিশ্রাম ছাড়া তেমন নড়াচড়া করা হয় না। এই ধরনের জীবনযাপনে ধীরে ধীরে ওজন বৃদ্ধি এবং শরীরে চর্বি জমার প্রবণতা বাড়তে পারে। এর সঙ্গে বিভিন্ন রোগের ঝুঁকিও বৃদ্ধি পায়।
বর্তমানে দীর্ঘ সময় ধরে বসে কাজ করা মানুষের সংখ্যা ক্রমবর্ধমান। বিশেষ করে যদি নিয়মিত শরীরচর্চা ও হাঁটাচলা কম হয়, তবে ডায়াবেটিস, রক্তে চর্বির মাত্রা বেড়ে যাওয়া এবং ভিটামিনের ঘাটতির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই শরীরের অবস্থা সম্পর্কে আগেভাগে জানতে কিছু পরীক্ষা করা যেতে পারে।
রক্তে শর্করার মাত্রা
দীর্ঘ সময় বসে থাকার ফলে শরীরে চর্বি জমার প্রবণতা বৃদ্ধি পায়। এর ফলে ইনসুলিনের সঠিক কার্যকারিতার ঝুঁকি তৈরি হয়। ধীরে ধীরে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে এবং ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায়।
এই কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খালি পেটে রক্তে শর্করার পরীক্ষা অথবা দীর্ঘ সময়ের রক্তে শর্করার গড় মাত্রা বোঝার পরীক্ষা করা যেতে পারে। বিশেষ করে যদি ওজন বেড়ে যায়, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকে কিংবা দীর্ঘদিন শারীরিক পরিশ্রম কম হয়, তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন।
রক্তে চর্বির পরীক্ষা
দীর্ঘ সময় বসে থাকা ও শারীরিকভাবে কম সক্রিয় থাকার ফলে শরীরে ক্ষতিকর চর্বি বৃদ্ধির ঝুঁকি থাকতে পারে। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বেশি থাকলে তা রক্তনালির ওপর প্রভাব ফেলতে পারে এবং হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে।
সুতরাং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তে বিভিন্ন ধরনের চর্বি ও কোলেস্টেরলের মাত্রা জানার পরীক্ষা করা যেতে পারে। বিশেষ করে যাদের ওজন বেশি, শারীরিক পরিশ্রম কম বা হৃদ্রোগের ঝুঁকি রয়েছে, তাদের জন্য এ বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি।
ভিটামিন ডি পরীক্ষা
দিনের বেশির ভাগ সময় ঘরের ভেতরে, বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে কাটালে সূর্যের আলো পাওয়ার সুযোগ কমে যায়। এর ফলে কারও শরীরে ভিটামিন ডির ঘাটতি দেখা দিতে পারে।
শরীরে ভিটামিন ডির ঘাটতি থাকলে ক্লান্তি, হাত-পা বা কোমরে ব্যথাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তে ভিটামিন ডির মাত্রা পরীক্ষা করা যেতে পারে।
তবে শুধুমাত্র অফিসে বসে কাজ করলেই সবার ভিটামিন ডির ঘাটতি থাকবে—এমন নয়। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
শুধু পরীক্ষা নয়, বদলাতে হবে অভ্যাসও
দীর্ঘ সময় বসে কাজ করার ফলে স্বাস্থ্যঝুঁকি কমাতে শুধু পরীক্ষা করলেই হবে না। কাজের ফাঁকে নিয়মিত উঠে কিছুক্ষণ হাঁটা, সিঁড়ি ব্যবহার করা, সম্ভব হলে প্রতিদিন শরীরচর্চা করা এবং খাবারের বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
শরীরে কোনো অস্বাভাবিকতা বা দীর্ঘদিনের ক্লান্তি দেখা দিলে নিজের মতো করে পরীক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ বয়স, ওজন, পারিবারিক ইতিহাস ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় পরীক্ষাগুলো ভিন্ন হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন