প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক প্রচারণা চালানোর উদ্যোগ গ্রহণ করেছে।
শুক্রবার এই প্রচারণার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন সংলগ্ন আইবিএ ভবনের সামনে কর্মসূচি-সংক্রান্ত প্রচারণামূলক প্ল্যাকার্ড সাঁটানো হয়েছে। এই প্রচার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, মো. তরিকুল ইসলাম তারিক।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের প্রায় ৬০-৭০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা একত্রে আগামী কর্মসূচি সফল করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
কর্মসূচি শেষে মো. তরিকুল ইসলাম তারিক বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের তরুণ সমাজ। তরুণদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বিকশিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ কর্মসূচি সেই লক্ষ্যকে সামনে রেখে একটি সময়োপযোগী উদ্যোগ।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচিকে আন্তরিকভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন। তিনি বিশ্বাস করেন— রাজনীতির পাশাপাশি তরুণদের দক্ষতা, উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। এই বার্তাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য তারা কাজ করছেন।
তিনি আরও জানান, তারা দৃঢ়তার সাথে বিশ্বাস করেন যে, যে জাতি তারুণ্যের স্বপ্নকে মূল্যায়ন করে, সেই জাতিই ভবিষ্যতে নেতৃত্বে এগিয়ে যাবে। তাই তরুণদের কর্মসংস্থান, উদ্ভাবন ও স্টার্টআপ সংস্কৃতি বিকাশ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ছাত্রদল সবসময় ইতিবাচক, সৃজনশীল ও জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থাকবে।
নেতাকর্মীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের প্রচারণা কার্যক্রম তাৎপর্যপূর্ণভাবে অব্যাহত থাকবে, যাতে অধিক সংখ্যক তরুণ এ উদ্যোগ সম্পর্কে জানতে ও সম্পৃক্ত হতে পারেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন