প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চোখের দৃষ্টি সঠিক রাখতে অনেকেই নিয়মিত চশমা ব্যবহার করেন। তবে চশমা পরা যথেষ্ট নয়, নিয়মিতভাবে পরিষ্কার রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাচে যদি ধুলো-ময়লা জমে থাকে, তাহলে সঠিকভাবে দেখা সম্ভব হয় না। দীর্ঘ সময় ধরে এমন অবস্থায় থাকলে লেন্স পরিবর্তনের প্রয়োজন হতে পারে, যা বেশ ব্যয়বহুল।
কিন্তু চশমা পরিষ্কার করার সময় অনেকেই কিছু ভুল করেন, যার ফলে লেন্সের ক্ষতি হতে পারে। বিশেষ করে হাতের কাছে যা পাওয়া যায়, তা দিয়েই চশমার কাচ মুছে ফেলার অভ্যাস পরিহার করা উচিত।
জামার কাপড় দিয়ে কাচ মোছেন?
অনেকে চশমার কাচ ময়লা হলে জামা বা অন্য কোনো কাপড় দিয়ে মুছে ফেলেন। কাপড় যতই নরম হোক, এটি দিয়ে কাচ ঘষা সঠিক নয়। কারণ পোশাকের মধ্যে থাকা ধুলোবালি কাচে লেগে যেতে পারে। ফলে ময়লা পরিষ্কার হওয়ার পরিবর্তে লেন্সে আরও ময়লা জমার সম্ভাবনা থাকে।
টিস্যু বা ন্যাপকিনও নয়
পেপার তোয়ালে, টিস্যু বা ন্যাপকিন দিয়ে চশমার কাচ পরিষ্কার করার অভ্যাস থেকেও বিরত থাকতে হবে। এসব কাগজের তন্তু কাচে আটকে থাকতে পারে। এতে কাচ পুরোপুরি পরিষ্কার না হয়ে উল্টো ময়লা জমার সুযোগ তৈরি হয়।
গরম পানি দিয়ে চশমা ধোবেন না
চশমা পানিতে ধুয়ে পরিষ্কার করা সম্ভব। তবে গরম পানি ব্যবহার করা উচিত নয়। বেশি তাপমাত্রার পানিতে লেন্স ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি ফ্রেম থেকে কাচ খুলেও যেতে পারে। তাই চশমা পরিষ্কারের সময় স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করাই শ্রেয়।
সব ধরনের পরিষ্কার করার স্প্রেও নয়
চশমার কাচ পরিষ্কারের জন্য অ্যামোনিয়া বা অ্যালকোহলযুক্ত পরিষ্কার করার স্প্রে ব্যবহার করা উচিত নয়। এসব উপাদান লেন্সের ওপর থাকা বিশেষ প্রলেপের ক্ষতি করতে পারে। বিশেষ করে রোদচশমা বা আলো অনুযায়ী রং বদলায় এমন লেন্সে এ ধরনের স্প্রে ব্যবহার না করাই ভালো।
তাহলে চশমা পরিষ্কার করবেন কীভাবে?
চশমা পরিষ্কার করার জন্য প্রথমে স্বাভাবিক তাপমাত্রার পানিতে এক ফোঁটা হালকা বাসন পরিষ্কার করার তরল মিশিয়ে নিতে পারেন। এরপর সেই পানি দিয়ে চশমার কাচ ভালোভাবে ধুয়ে নিন।
চাইলে শুধু কলের পানির নিচেও চশমা ধরে রাখতে পারেন। পানির স্রোতে কাচের ওপর থাকা ধুলো-ময়লা ধুয়ে যাবে। সবশেষে মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিন।
মনে রাখুন
চশমা পরিষ্কার করার সময় জামার কাপড়, টিস্যু বা ন্যাপকিন, গরম পানি এবং অ্যামোনিয়া বা অ্যালকোহলযুক্ত পরিষ্কার করার স্প্রে এড়িয়ে চলুন। সঠিকভাবে পরিষ্কার করলে লেন্স পরিষ্কার থাকবে এবং চশমাও দীর্ঘদিন ভালো রাখা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন