প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার, ধর্ম-বর্ণ নির্বিশেষে।
মন্ত্রী উল্লেখ করেন, যারা দেশের ও এলাকার উন্নয়নে কাজ করবেন, জনগণ তাদের সমর্থন প্রদান করবে। ভালো কাজের মূল্যায়ন ও স্বীকৃতি রাজনীতিবিদদের জনসেবায় আরও উৎসাহিত করে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীর কড়াইলে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আবাসিক এলাকায় বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘শারদীয় শুভেচ্ছা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দুর্গাপূজা উপলক্ষে মন্ত্রী হিন্দু সম্প্রদায়ের সকলকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছেন এবং তাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।
পূজা উদযাপনকারীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, এলাকার রাস্তাঘাট, সুপেয় পানির ব্যবস্থা ও আবাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক দাবির বিষয়গুলো আমি গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী হিন্দু সম্প্রদায়ের সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া শাড়ি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণ করেন মন্ত্রী।
বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রিটিশ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন। পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিটিসিএল ও এর অধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন