প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গলা খুসখুস হচ্ছে এবং কাশি থামছেই না—এমন পরিস্থিতিতে ভুগছেন অনেকে। জ্বর না থাকলেও সর্দি-কাশি ও গলা ব্যথার কারণে অস্বস্তির শিকার হচ্ছেন তারা। বিশেষ করে গলায় খুসখুস ভাব থাকলে কাশি থামানো কঠিন হয়ে পড়ে।
চিকিৎসকদের মতে, বিভিন্ন ভাইরাসের সংক্রমণের ফলে জ্বর, সর্দি-কাশি হতে পারে। ইনফ্লুয়েঞ্জা ও অ্যালার্জির কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। কাশি কমানোর জন্য ওষুধ বা কফের ওষুধ ব্যবহার করা হলেও, অনেক সময় তা সঙ্গে সঙ্গে পুরোপুরি আরাম দেয় না। এই অবস্থায়, ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ও অবলম্বন করা যেতে পারে।
গলা খুসখুস ও কাশির অস্বস্তি কমাতে ঘরে তৈরি করা যায় এমন তিনটি পানীয়ের কথা উল্লেখ করা হয়েছে প্রচলিত ঘরোয়া চিকিৎসায়।
কাড়া
সর্দি-কাশির অস্বস্তিতে অনেকেই কাড়া বা বিভিন্ন মসলা ফোটানো পানি পান করেন। গলা খুসখুসের সময়ও এটি পান করা যেতে পারে।
দারচিনি, আদা, তুলসীপাতা, গোলমরিচ ও লবঙ্গ দুই কাপ পানিতে দিয়ে কম আঁচে ফুটিয়ে নিতে হবে। পানি কমে প্রায় অর্ধেক হয়ে এলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে। এরপর এতে এক চা-চামচ মধু মিশিয়ে গরম অবস্থায় চায়ের মতো পান করুন।
এতে গলায় আরাম মিলতে পারে এবং ধীরে ধীরে কাশির অস্বস্তিও কমতে পারে। তুলসীপাতা, আদা ও লবঙ্গের ভেষজ গুণ রয়েছে।
বাসকপাতার পানি
একসময় সর্দি-কাশির ঘরোয়া উপশমে বাসকপাতা র ব্যবহার বেশ প্রচলিত ছিল। এখনো অনেক বাড়িতে কাশি না কমলে বাসকপাতা ফোটানো পানি পান করানো হয়।
বাসকপাতা, তুলসীপাতা, কুচি করা আদা ও তালমিছরি একসঙ্গে পানিতে দিয়ে ফুটিয়ে নিতে হবে। সব উপকরণ ভালোভাবে ফুটে গেলে ছেঁকে গরম অবস্থায় চায়ের মতো পান করুন।
দিনে দুইবারের বেশি না খাওয়াই ভালো। যাদের ডায়াবেটিস রয়েছে, তারা তালমিছরি বাদ দিতে পারেন। তালমিছরি না থাকলে মধু ব্যবহার করা যেতে পারে।
তুলসীপাতার রস ও মধু
গলা খুসখুস ও সর্দি-কাশির অস্বস্তিতে তুলসীপাতার রসও ঘরোয়া উপায়ে ব্যবহার করা হয়। কয়েকটি তুলসীপাতা থেঁতলে রস বের করে নিতে হবে। এর সঙ্গে আদার রস ও মধু মিশিয়ে হালকা গরম করতে হবে।
এরপর মিশ্রণটি এক কাপ গরম পানিতে দিয়ে চায়ের মতো পান করতে পারেন। তুলসীপাতায় প্রদাহনাশক উপাদান রয়েছে, তাই এটি সর্দি-কাশির অস্বস্তিতে উপকারী বলে প্রচলিত।
এছাড়া শুকনো আদা, লবঙ্গ ও তালমিছরি মুখে রাখলেও গলার অস্বস্তি কিছুটা কমতে পারে।
ঘরোয়া পথ্য হলেও সতর্কতা জরুরি
সর্দি-কাশি বা গলা খুসখুসে অস্বস্তিতে এসব ঘরোয়া পানীয় সাময়িক আরাম দিতে পারে। তবে কাশি যদি দীর্ঘদিন ধরে থাকে, শ্বাসকষ্ট হলে বা অসুস্থতা বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন