প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চারিদিকে থই থই পানি ছিল। ভেতরে একটি ভঙ্গুর কুঁড়েঘরে আট মাসের এক দুগ্ধপোষ্য শিশু, এক অন্তঃসত্ত্বা নারী এবং এক বৃদ্ধাসহ একই পরিবারের ১৩ জন মানুষ অবস্থান করছিলেন। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলকদর খালের উপচে পড়া পানির তীব্র স্রোতে ঘরটি যে কোনো সময় ভেসে যাওয়ার ঝুঁকিতে ছিল। এমন একটি চরম মুহূর্ত থেকে তাদের সবাইকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই উদ্ধার অভিযানের পিছনে ছিল জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর একটি ফোন কল।
বুধবার (৮ জুলাই) রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকার জলকদর খালের ওপর অবস্থিত চেচুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান চালানো হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বুধবার রাতে ওই পরিবারের পক্ষ থেকে ৯৯৯ নম্বরে কল করে জীবন বাঁচানোর জন্য আকুতি জানানো হয়েছিল। তাৎক্ষণিকভাবে বিষয়টি বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।
বাঁশখালী ফায়ার স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ট্রিপল নাইন (৯৯৯) থেকে ফোন পেয়ে আমরা জানতে পারি, চেচুরিয়া ব্রিজের কাছে জলাবদ্ধতার মধ্যে একটি কুঁড়েঘরে ১৩ জন মানুষ আটকা পড়েছেন। চারপাশে পানির গভীরতা এবং তীব্র স্রোতের কারণে সেখানে পৌঁছানো ছিল বেশ ঝুঁকিপূর্ণ।’
মিজানুর রহমান আরও জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছে তীব্র স্রোত মোকাবেলা করে রশিসহ প্রয়োজনীয় সব উদ্ধার সরঞ্জাম সেট করতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যায়। তারপর অত্যন্ত সতর্কতার সাথে ঘরটিতে আটকে থাকা বৃদ্ধা, অন্তঃসত্ত্বা নারী এবং শিশুদের একে একে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে আট মাস বয়সি একটি শিশু এবং সাত-আট বছর বয়সি আরও কয়েকজন শিশু ছিলেন। প্রতিকূল আবহাওয়া এবং পানির প্রবল স্রোতের কারণে পুরো উদ্ধার কাজ শেষ করতে রাত সাড়ে ১০টা বেজে যায়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানালেন, গত কয়েক দিনের টানা বর্ষণে বাঁশখালী উপজেলার বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতা এবং ৯৯৯-এর সমন্বয়ে বড় ধরনের একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এই পরিবারটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন