প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা ১২ থেকে ১০০ জনে বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।
এ সম্মাননার আওতায় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষকরা অন্তর্ভুক্ত হবেন। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন এসব তথ্য জানান।
ড. মাহদি আমিন উল্লেখ করেন, দীর্ঘকাল ধরে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়ে আসছিল। তবে এ বছর প্রথমবারের মতো এই সংখ্যা ১০০ জনে উন্নীত করা হচ্ছে। প্রাথমিক থেকে তৃতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষকদের সম্মাননার আওতায় আনা হবে।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদেরও সম্মাননার জন্য বিবেচনা করা হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এই সম্মাননার জন্য নির্বাচিত হবেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখা থেকেও শিক্ষক নির্বাচন করা হবে।
তিনি জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শিক্ষকদের তালিকা নিয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় আলোচনা চলছে। সেখান থেকে চূড়ান্তভাবে গুণী শিক্ষক নির্বাচন করা হবে। শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়ার পরিধি বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর শিক্ষা–সংক্রান্ত ভাবনার অংশ। শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে যারা কাজ করছেন, তাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দিবসটি উদযাপনের পরিকল্পনা রয়েছে।
সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন