প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভোলার দৌলতখান উপজেলায় জমির বিরোধের কারণে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আহত মমতাজ বেগম রাসু (৬০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই মামলায় দুই জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন, উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির বেপারী বাড়ির বাসিন্দা, মামলার এক নম্বর আসামি মো. কাশেম (৫৫) এবং দুই নম্বর আসামি কাশেমের স্ত্রী রাজিয়া বেগম (৫০)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে নিহত মমতাজ বেগমের মেয়ে রুবিনা বেগম ৫ জনকে আসামি করে দৌলতখান থানায় হত্যা মামলা করেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ভোলার আদালতে সোপর্দ করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজ বাড়িতে মমতাজ বেগমকে পিটিয়ে আহত করার অভিযোগ করেছে তার পরিবার। পরে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বসতঘরে তার মৃত্যু ঘটে।
মামলার এজাহার ও নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মমতাজ বেগমের দেবর বজলু বেপারীর ছেলে মাইনুদ্দিন জমি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে রাত ৮টার দিকে পাশের বাড়ির কাশেম, তার ছেলে ইকবাল, স্ত্রী রাজিয়া বেগম ও নিহতের দেবর বজলুর মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় রাসু বেগম সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়। পরে রাত ২টার দিকে আহত অবস্থায় তার মৃত্যু ঘটে।
পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় কাশেম ও তার স্ত্রী রাজিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, গতকাল রাতে নিহতের বড় মেয়ে ৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার এক ও দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, মামলাটির তদন্ত এবং বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন