প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আইনজীবীদের পেশাগত নৈতিকতা, সততা, স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করার উদ্দেশ্যে বিভাগীয় স্তরে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই প্রশিক্ষণ দেশের সব বিভাগে পর্যায়ক্রমে প্রদান করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ ও ইউএনডিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এবং অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘ ও ইউএনডিপির সহযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের জন্য ‘স্ট্রেনদেনিং দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস অব প্রসিকিউটোরিয়াল এথিক্স ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
এই ধারাবাহিকতায়, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) বাংলাদেশ অফিসের প্রধান শাহ মোহাম্মদ নাহীয়ান এবং ইউএনডিপির রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার রোমানা শোয়াইগার অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সারাদেশের আইনজীবীদের এই ধরনের প্রশিক্ষণের আওতায় আনতে বিভাগীয় স্তরে নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে ঐকমত্য গড়ে তোলা হয়।
কর্মসূচির মূল লক্ষ্য হলো আইনজীবী ও আইন কর্মকর্তাদের পেশাগত সততা ও স্বাধীনতা জোরদার করা, মানবিক মর্যাদা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করা।
প্রাথমিক পর্যায়ে ২০২৬ সালের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও এটি সম্প্রসারণ করা হবে।
প্রতিটি বিভাগভুক্ত জেলা বার ও চৌকি বারের আইনজীবীরা প্রতিনিধিত্বের ভিত্তিতে এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন