প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হাসানগঞ্জ এলাকার ছাত্র-জনতা লাঠি হাতে সড়কে নেমে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। ‘মাদকমুক্ত হাসানগঞ্জ চাই’ এই স্লোগানকে সামনে রেখে তারা মিছিল ও সমাবেশের আয়োজন করেন। মাদক ব্যবসা বন্ধ এবং মাদকের আস্তানা উচ্ছেদের দাবিতে তারা হাসানগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় স্লোগানে মুখর হয়ে ওঠেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় ছাত্র-জনতা এবং মাদকবিরোধী আন্দোলনের কর্মী-সমর্থকেরা হাতে লাঠি নিয়ে হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মিছিল শুরু করেন। মিছিলটি হাসানগঞ্জ বাজার, খুজিয়ারমোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মাদক ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘ইয়াবা ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘মাদক ব্যবসা চলবে না’ এবং ‘ইয়াবার আস্তানা বন্ধ করো’ সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য প্রদান করেন ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’-এর সভাপতি আ. রহমান শিপন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য বক্তারা।
বক্তারা উল্লেখ করেন, হাসানগঞ্জকে মাদকমুক্ত করা কোনো একক ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব নয়, এটি পুরো এলাকার মানুষের দাবি। তারা বলেন, মাদকবিরোধী কার্যক্রম শুধুমাত্র বিচ্ছিন্ন অভিযান বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদকের উৎস, সরবরাহ ও বিক্রির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, হাসানগঞ্জে মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ থাকলেও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা আরও দৃশ্যমান ও কার্যকর হওয়া প্রয়োজন। তারা দাবি করেন, শুধু মাঝেমধ্যে অভিযান নয়, মাদকের উৎস, সরবরাহকারী ও বিক্রেতাদের শনাক্ত করে ধারাবাহিকভাবে আইনের আওতায় আনা উচিত।
সমাবেশ থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। তিনি বলেন, এলাকাটিতে নজর রাখা হচ্ছে এবং যেখানে মাদকের সন্ধান পাওয়া যাবে, সেখানে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে কোনো ছাড় নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন