প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকান থেকে ৩০ হাজার টাকা ‘চার্জ’ আদায় এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএস গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কুয়াকাটায় বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা।
প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাসেল বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। কুয়াকাটায় এসে তিনি ওই পরিচয়ে একটি হোটেলে কক্ষ বুক করেন। পরে একটি বিকাশের দোকানে গিয়ে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া, বিয়ের ক্ষেত্রেও তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, তার দুইটি বিয়ে রয়েছে এবং প্রথম স্ত্রীর কাছ থেকে তিনি প্রায় ১০ লাখ টাকা নিয়েছেন।
সূত্র জানায়, নিজের ভুয়া পরিচয়কে বিশ্বাসযোগ্য করে তুলতে ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বর ক্রমিকে থাকা ‘মো. রাসেল মিয়া’র নাম পরিবর্তন করে ‘মো. রাসেল হাওলাদার’ করা হয়। এ জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে প্রতারক রাসেল দাবি করেছেন। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্রও জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রশাসনের নজরে বিষয়টি আসলে মহিপুর থানার এসআই মো. মাসুদ খানের সহযোগিতায় অভিযান চালিয়ে রাসেল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত কাগজপত্র ও নথিপত্র যাচাই করা হয়।
পরে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, "নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করা গুরুতর অপরাধ। বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ যাতে সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন