প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর মির্জাগঞ্জে মহাসড়কের অনির্ধারিত স্থানে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করানোর কারণে জীবনের ঝুঁকি বাড়ছে। নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় ব্যস্ত সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। পথচারী ও অন্যান্য যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কের সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন স্থানে নিয়মিতভাবে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করানো হচ্ছে। কিছু বাস সেখানে দীর্ঘ সময় অবস্থান করছে। এ ছাড়া টেম্পো, ইজি বাইক ও ব্যাটারিচালিত রিকশাও সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করাচ্ছে। এর ফলে যান চলাচলে ধীরগতি দেখা দিচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে দ্রুত একটি নির্দিষ্ট ও নিরাপদ বাসস্ট্যান্ডের ব্যবস্থা করবে, যাতে মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ কমে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাসস্ট্যান্ড না থাকা সত্ত্বেও যাত্রী ওঠা-নামা করানো হচ্ছে। বাসের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে সড়কের একটি অংশ দখলে রয়েছে। এতে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে।
স্থানীয়দের মতে, সুবিদখালী এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী মহাসড়ক ব্যবহার করে। নির্দিষ্ট বাসস্ট্যান্ডের অভাবে মহাসড়কের ওপরেই বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা করানো হচ্ছে। ব্যস্ত সময়ে একাধিক যানবাহন একই স্থানে দাঁড়ানোর ফলে যানজট সৃষ্টি হচ্ছে, যা স্কুল-কলেজের শিক্ষার্থী ও অন্যান্য পথচারীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দা শাহীন ফরাজি মন্তব্য করেন, "সড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করানোর কারণেই এখানে যানজট সৃষ্টি হয়। প্রতিদিন অনেক মানুষ এই মহাসড়ক ব্যবহার করে। তাই এ এলাকায় একটি নির্দিষ্ট বাসস্ট্যান্ড থাকা প্রয়োজন।"
যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট বাসস্ট্যান্ড ও যাত্রীছাউনি না থাকায় তাদের খোলা জায়গায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয়। বৃষ্টি ও রোদে তাদের ভোগান্তি বেড়ে যায়। নিরাপদ ও নির্দিষ্ট বাসস্ট্যান্ড হলে যাত্রীদের এই দুর্ভোগ কমবে বলে তারা মনে করেন।
স্থানীয় ব্যবসায়ী মো. নাসির হাওলাদার বলেন, "প্রধান সড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করানো হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থাকে। বাসের হর্নের শব্দেও আশপাশের মানুষকে সমস্যায় পড়তে হয়।"
স্থানীয়দের দাবি, মহাসড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামার পরিবর্তে নির্দিষ্ট স্থানে বাসস্ট্যান্ড স্থাপন করা প্রয়োজন। সেখানে যাত্রীদের অপেক্ষার জন্য নিরাপদ স্থান ও প্রয়োজনীয় সুবিধা থাকলে যানজট ও জনদুর্ভোগ দুই-ই কমানো সম্ভব হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল জানান, "নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় মহাসড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামার বিষয়টি আমাদের নজরে রয়েছে। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন