প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতির সময় দুটি ককটেল বিস্ফোরণের ফলে দুইজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে। আহতদের মধ্যে একজনের হাতের একাংশ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা ওদুদ মহরীল এবং সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নেয়। এ সময় তাদের হাতে ককটেলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর দুই পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুটি ককটেল বিস্ফোরিত হলে সুমেল এবং আব্দুল হামিদ আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের হাতের একাংশ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ১১টি তাজা ককটেল উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একটি ছোট বিষয়কে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, উল্লেখযোগ্য যে, গত ২৮ সেপ্টেম্বর সদর উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকার একটি বাড়িতে একসঙ্গে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে ১৪ ফেব্রুয়ারি চরবাগডাঙ্গায় ককটেল বিস্ফোরণে দুজন নিহত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন