প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোরকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত করা হয়। নাটোর জেলা শহর থেকে উত্তরবঙ্গে প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর অংশে একাধিক স্থানে সড়ক ধসে পড়েছে। একই সঙ্গে, সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।
সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় গেলে সড়কের এই বেহাল অবস্থার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। এর ফলে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকা এবং উত্তরাঞ্চলের মধ্যে যোগাযোগের জন্য এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজশাহী, নওগাঁসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় প্রায় ১৫টি স্থানে সড়কের কিনারায় ভাঙন সৃষ্টি হয়েছে। কিছু স্থানে বালুর বস্তা ও অন্যান্য উপকরণ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়েছে। আবার কোথাও কোথাও সড়কের পোল উল্টে পড়ে রয়েছে। এই অবস্থায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
সড়ক ও জনপদ বিভাগ জানায়, ২০২১-২২ অর্থ বছরে নাটোর থেকে বগুড়া মহাসড়কের প্রশস্তকরণের কাজ শুরু হয়। এর অংশ হিসেবে সিংড়া উপজেলার শেরকোল থেকে চৌগ্রাম পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তার ফোরলেনের কাজ এ বছরই সম্পন্ন করেছে সড়ক ও জনপদ বিভাগ। তবে নিংগইন ও হাইটেক পার্ক এলাকায় এখনো ২টি ব্রিজের কাজ চলমান রয়েছে। কাজগুলো কয়েকটি প্যাকেজে সাজানো হয়েছে, যার মধ্যে রাস্তার দু’ধারে মাটি ফেলা, সড়ক প্রশস্তকরণ এবং ব্রিজ নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দায়সারা কাজ এবং অনিয়মের কারণে নাটোর-বগুড়া মহাসড়কের উন্নয়নকাজ শেষ হওয়ার পরপরই চৌগ্রাম এলাকার কিছু স্থানে সড়কের পাশে ধস দেখা দিয়েছে। কোথাও কোথাও পিচের স্তর ভেঙে মাটি ও পাথর সরে গেছে। স্থানীয়রা দ্রুত এ বিষয়ে তদন্তের পাশাপাশি সড়কের সংস্কারের দাবি জানিয়েছেন।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম জানান, "নাটোরে দায়িত্ব পেয়েছি অল্প কিছুদিন হলো। সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন