প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হঠাৎ বুকে ব্যথা বা চাপ অনুভূত হলে এটি অবহেলা করার মতো বিষয় নয়। এটি হৃদরোগের বিভিন্ন সমস্যা নির্দেশ করতে পারে, যার মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বুকে ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব, মাথা ঘোরা, অথবা ব্যথা হাত, পিঠ, ঘাড়, চোয়াল বা পেটের দিকে ছড়িয়ে পড়ে, তাহলে দ্রুত জরুরি চিকিৎসা নেওয়া প্রয়োজন।
বিশেষ করে যদি পূর্বে হৃদরোগের ইতিহাস থাকে, তাহলে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাড়িতে একা অবস্থায় হঠাৎ এমন লক্ষণ দেখা দিলে কীভাবে পদক্ষেপ নেবেন?
১. দ্রুত কাছের কাউকে জানান
বুকে হঠাৎ ব্যথা বা চাপ অনুভব করলে প্রথমে কাছের কোনো ব্যক্তিকে ফোন করুন, যিনি দ্রুত আপনার কাছে পৌঁছাতে পারবেন। একই সঙ্গে জরুরি চিকিৎসাসেবায় ফোন করে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে হবে।
হৃদ্রোগে আক্রান্ত হওয়ার সন্দেহ হলে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা না করে জরুরি চিকিৎসাসেবার সাহায্য নেওয়া নিরাপদ। হঠাৎ বা অজানা বুকে ব্যথা যদি কয়েক মিনিটের বেশি স্থায়ী হয়, তবে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত।
২. দরজা-জানালা খুলে সাহায্যের অপেক্ষা করুন
একা থাকলে সম্ভব হলে ঘরের দরজা এমনভাবে খুলে রাখুন, যাতে সাহায্য করতে আসা ব্যক্তি দ্রুত ভেতরে প্রবেশ করতে পারেন। জানালা-দরজা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করা যেতে পারে।
তবে অযথা হাঁটাহাঁটি বা শারীরিক পরিশ্রম না করে নিরাপদ স্থানে থেকে সাহায্যের অপেক্ষা করা গুরুত্বপূর্ণ।
৩. নিরাপদ অবস্থানে থাকুন
মাথা ঘোরা বা দুর্বল লাগলে পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে বসে বা শুয়ে থাকুন। নিজের অবস্থার অবনতি হলে একা উঠে হাঁটাচলা না করে সাহায্যের জন্য অপেক্ষা করুন।
বুকে ব্যথা হলে কী কারণে হচ্ছে তা নিশ্চিত করার চেষ্টা না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। কারণ হৃদ্রোগের ব্যথা ও অন্যান্য ধরনের বুকে ব্যথার পার্থক্য সবসময় সহজে বোঝা যায় না।
অ্যাসপিরিন কি খাওয়া যাবে?
প্রাথমিক চিকিৎসার বর্তমান নির্দেশনায় বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তির অজানা কারণে বুকে ব্যথা হলে জরুরি চিকিৎসাসেবায় যোগাযোগ করার পর, ব্যক্তি সচেতন থাকলে এবং অ্যাসপিরিনে অ্যালার্জি না থাকলে ১৬২ থেকে ৩২৫ মিলিগ্রাম অ্যাসপিরিন চিবিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে। তবে আগে থেকেই কোনো চিকিৎসক অ্যাসপিরিন না খেতে বললে তা নেওয়া উচিত নয়। অ্যাসপিরিন নেওয়ার বিষয়ে সন্দেহ থাকলেও জরুরি চিকিৎসাসেবার কর্মীদের পরামর্শের জন্য অপেক্ষা করা নিরাপদ।
অ্যাসপিরিন খাওয়ার জন্য কখনোই জরুরি চিকিৎসা নেওয়া বা অ্যাম্বুল্যান্স ডাকতে দেরি করা উচিত নয়।
বুকে ব্যথা হলেই অপেক্ষা করবেন না
বুকে চাপ বা ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব, মাথা ঘোরা কিংবা শরীরের অন্য অংশে ব্যথা হলে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে নিতে হবে। কিছু মানুষের ক্ষেত্রে, বিশেষ করে নারী, বয়স্ক ব্যক্তি ও ডায়াবেটিসে আক্রান্তদের হৃদ্রোগের লক্ষণ তুলনামূলক অস্পষ্ট হতে পারে।
সুতরাং, বাড়িতে একা থাকলেও হঠাৎ বুকে ব্যথা বা হৃদ্রোগের সন্দেহজনক কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা সহায়তা নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন