প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার ধামরাইয়ে একটি মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র মারা গেছেন। এই ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ছেলে মহিম (১৪) ও একই এলাকার রুবেল হোসেনের ছেলে অনিক (১৫)। তারা উভয়ই সাভার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী। আহত আতাউল্লাহ (১৭) কুল্লা ইউনিয়নের কাতর বাইল্লা গ্রামের আবু তালেবের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল বেলা একটি মাটিবাহী ড্রাম ট্রাক আইঙ্গন সেতু এলাকায় কালিয়াকৈরমুখী লেন দিয়ে চলছিল। এ সময় একটি সিএনজি চালিত রিকশা ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। এর পেছনে থাকা একটি মোটরসাইকেলও ট্রাকটিকে ওভারটেক করতে চেষ্টাকালে সেটি ট্রাকের সামনের দিকে চলে আসে। তখন ড্রাম ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে আঘাত করে। এর ফলে মোটরসাইকেলসহ তিন আরোহী সড়কের উপর ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাদের পিষ্ট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এই ঘটনায় ঘটনাস্থলেই মহিম ও অনিকের মৃত্যু ঘটে। গুরুতর আহত আতাউল্লাহকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানিয়েছেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনায় দুইজন মারা গেছেন। মৃত্যুর পর মরদেহ তাদের পরিবারের সদস্যরা সঙ্গে করে নিয়ে গেছেন। আলামত জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটকানোর চেষ্টা চলছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন