প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের ইটনা উপজেলার পূর্বগ্রাম শান্তিপুরের মো. রাশিদ মিয়া, দরিদ্র পরিবারে স্বচ্ছলতার আশা নিয়ে ছেলেকে বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ধারদেনা ও ঋণের মাধ্যমে তিনি ৪ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলেন। কিন্তু তার আগে অন্ধকার নেমে আসে। এক সড়ক দুর্ঘটনায় তিনি স্ত্রীকে হারান এবং বিদেশগামী ছেলেসহ নিজেও আহত হন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোছা. জয়বাহার (৪৫) ইটনা উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম শান্তিপুর এলাকার মো. রাশিদ মিয়ার স্ত্রী ছিলেন।
স্বজনদের সূত্রে জানা গেছে, রাশিদ মিয়ার ছেলে নিরব (২১) আগামী শুক্রবার সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে উদ্দেশ্যে সোমবার পরিবারের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন তিনি। পথে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর ইটেরখোলা এলাকায় গাড়িতেই জয়বাহারের মৃত্যু ঘটে।
রাশিদ মিয়া বলেন, "ছেলেকে বিদেশে পাঠাতে ঋণ করে ৪ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলাম। এখন স্ত্রীকে হারিয়ে সব শেষ হয়ে গেল। আমি এর সুষ্ঠু বিচার চাই।"
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ গণমাধ্যমকে জানান, "এ ঘটনায় কটিয়াদী হাইওয়ে থানায় মামলা করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার অভিযোগ নিয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন