প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এগিয়ে থেকেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মহিলা দল চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে।
গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতেই বাংলাদেশ গোল হজম করে। ম্যাচের ৬ মিনিটে চাইনিজ তাইপের হয়ে গোল করেন হুয়াং ইউ-টিং। তবে বাংলাদেশের মেয়েরা দ্রুতই ম্যাচে ফিরে আসার চেষ্টা করে। ১৯ মিনিটে কনা আক্তার গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান। এরপর ২৪ মিনিটে আবারও গোল করেন কনা, ফলে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে যায়।
প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। লাল-সবুজের দল এগিয়ে থেকেই বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। ৪৫ মিনিটে ওয়াং ইউ-চিউ গোল করে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান। এর চার মিনিট পর, আবারও গোল করে চাইনিজ তাইপে। হুয়াং ইউ-টিংয়ের দ্বিতীয় গোলের মাধ্যমে তারা ৩-২ ব্যবধানে এগিয়ে যায়।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চাইনিজ তাইপে।
গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে বাংলাদেশের এটি চতুর্থ হার। এর আগে চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছিল বাংলাদেশ। কাজাখস্তানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছিল দলটি।
চাইনিজ তাইপের বিপক্ষে শেষ ম্যাচেও জয়ের খুব কাছাকাছি গিয়েছিল বাংলাদেশ। দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ধরে রাখতে পারেনি তারা।
পাঁচ ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ নারী হকি দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন