প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর গলায় ছুরিকাঘাতের অভিযোগের পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইকচালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
এই ঘটনা ঘটেছে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলির ফারুক হোসেন খোকনের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে। দুপুর দেড়টার দিকে শামীমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।
শামীম হোসেন শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার রানীশাহ গ্রামের মৃত নুরু বেপারীর পুত্র। আহত ময়ূরী বেগম (৩০) একই গ্রামের জয়নাল মাদবরের কন্যা। তাদের তিনটি সন্তান রয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, শামীম ও ময়ূরী বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকাল ১০টার দিকে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শামীম বাসা থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর তিনি আবার ফিরে এসে ময়ূরী বেগমের গলায় ছুরিকাঘাত করেন।
ময়ূরী বেগম গলা ধরে দৌড়ে বাড়ির বাইরে চলে যান। এরপর শামীম ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
এ সময় শামীমের মা পাশের ঘর থেকে এসে চিৎকার করলে আশপাশের ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়ূরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে শামীমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ভাই মোস্তফা জানিয়েছেন, শামীম-ময়ূরীর এক ছেলে ফাহিম (১০) এবং দুই মেয়ে ফাতেমা (৪) ও ফিরিস্তা (১) রয়েছে। তিনজনই শিশু। শামীম কেন এই ঘটনা ঘটিয়েছেন, তা তিনি জানাতে পারেননি।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, আহত নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ হলে ঘটনার কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন