প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবসকে কেন্দ্র করে কুষ্টিয়া, ঢাকা এবং দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। একই সঙ্গে ১৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও একটি বিশেষ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লালন সাঁইয়ের গান, দর্শন এবং মানবতাবোধের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হচ্ছে। জাত-ধর্মের বিভাজনকে অতিক্রম করে মানুষের পরিচয় ও মানবসত্তার অনুসন্ধানে লালনের দর্শন আজও প্রাসঙ্গিক রয়েছে।
১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে স্মরণানুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।
এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহা. হারুন-অর-রশীদ।
সাংস্কৃতিক পর্বে দেশের খ্যাতিমান লালনশিল্পী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী এবং বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা পরিবেশনায় অংশ নেবেন।
একই দিনে, দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলায় লালন সাঁইয়ের জীবন ও দর্শন নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজকেরা জানিয়েছেন, স্মরণানুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন