প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদীর ডানতীর রক্ষা বাঁধের কাঁচকোল সড়কটারী এলাকায় তিনটি স্থানে ধস হয়েছে এবং একাধিক স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। এর ফলে নদীতীরবর্তী এলাকায় ভাঙন ও বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ধসের বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা গেছে, বাঁধের প্রায় আধা কিলোমিটার এলাকায় ১০, ১২ ও ৬ মিটার অংশের ব্লক পিচিং ধসে গেছে। এর পাশাপাশি অন্তত ১০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। প্রায় এক কিলোমিটার এলাকা ঝুঁকিতে রয়েছে।
স্থানীয়রা বলছেন, ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডানতীর রক্ষা প্রকল্পে ২০১৮ সাল থেকে একাধিকবার ধসের ঘটনা ঘটেছে কিন্তু স্থায়ী সমাধান করা হয়নি। এই কারণে প্রতি বর্ষা মৌসুমে আতঙ্কে থাকতে হয় স্থানীয়দের। কাঁচকোল সড়কটারী এলাকার বাসিন্দা মো. খতিব উদ্দিন জানান, ডানতীর রক্ষা বাঁধ নির্মাণের পর তারা নদীভাঙন থেকে কিছুটা রক্ষা পেয়েছিলেন। কিন্তু কয়েক বছর ধরে বারবার ধসের ঘটনায় তারা আবারও আতঙ্কিত হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমাধান দিতে পারেনি। তিনি আশঙ্কা করছেন, বাঁধটি ভেঙে গেলে তারা সর্বস্ব হারিয়ে আবারও ভাঙন ও বন্যার কবলে পড়বেন।
স্থানীয় বাসিন্দা নুরজাহান বেগম এবং নুর নাহার বেগম বলেন, ‘প্রতিবার বর্ষা মৌসুম এলেই আমরা আতঙ্কে থাকি। এবারও বাঁধে ধসের খবর শুনে দিন-রাত উদ্বেগে কাটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে তাদের বসতভিটা ও ফসলি জমি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।’ কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানিয়েছেন, জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন যে ২-১ দিনের মধ্যে বাঁধটি ঝুঁকিমুক্ত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন