প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন প্রদান করেছে হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিনের আদেশ দেন।
এর আগে, ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার অভিযোগে বিদিশাকে গত ২০ মে আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ওই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি, বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডেরও আদেশ দেন বিচারক। রায়ের দিন বিদিশা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
গত ২৬ আগস্ট, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে প্রতারণার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য, ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী মোশাররফ হোসেন বিদিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে জানা যায়, বাদী মিরপুর-১০ এলাকায় স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। ২০০১ সালে বারিধারার একটি ফ্ল্যাট কেনার জন্য তিনি বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। পরে বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় চুক্তি সম্পন্ন হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন