প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর পূর্ব রামপুরায় এক দীর্ঘ সময় ধরে বিশুদ্ধ পানির সংকট চলমান রয়েছে। এই সংকটের কারণে একদিকে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে এটি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থার কারণে এবং জলাবদ্ধতার ফলে পানিও দূষিত হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার ফলস্বরূপ বছরের পর বছর ধরে সমস্যার সমাধান সম্ভব হয়নি।
রাজধানীর পূর্ব রামপুরার পুরাতন পুলিশ ফাঁড়ি গলিতে প্রতিদিনের সকালে, সাধারণ মানুষ বিশুদ্ধ পানির সন্ধানে বের হচ্ছেন। কেউ বোতল, কেউ বালতি কিংবা ড্রাম নিয়ে ছুটে যাচ্ছেন এলাকার একটি পাম্পে। রান্না, গৃহস্থালির প্রায় সকল কাজের জন্য বর্তমানে তাদের ভরসা হচ্ছে এই পাম্পের পানি।
স্থানীয়দের অভিযোগ, ওয়াসা কর্তৃক সরবরাহিত পানিতে দুর্গন্ধ ও ঘোলাভাব রয়েছে। ফলে, সেই পানি ব্যবহার করে অনেকেই বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এলাকার এক বাসিন্দা জানান, লাইনে আসা পানি গাদাগাদা ও দুর্গন্ধযুক্ত। এই পানি পান করার ফলে নানা ধরনের অসুখের সৃষ্টি হচ্ছে, এমনকি শরীরেও সমস্যা দেখা দিচ্ছে।
সংকটের জন্য ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থাকেও দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতে রাস্তা, দোকান এবং বাসাবাড়ি পানিতে তলিয়ে যায়। এ সময় নোংরা ড্রেনের পানি খাবার পানির সঙ্গে মিশে যায়। এক বাসিন্দা জানান, অল্প বৃষ্টিতেই এলাকায় পানি জমে যায়, কারণ রাস্তা ও অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। পানি জমে গেলে, ময়লা পানির মধ্যে লাইনের অংশ ডুবে যায়।
আরেক বাসিন্দার মত, ড্রেন ও সুয়ারেজ লাইনের সমস্যা সমাধান না হওয়ায় বৃষ্টি হলেই সেখানে পানি জমে থাকে। নিয়মিত পানির বিল এবং ট্যাক্স প্রদান করলেও প্রয়োজনীয় নাগরিক সেবা পাচ্ছেন না এমন অভিযোগ এলাকাবাসীর। তারা জানান, সমস্যার কথা জানালে এক সংস্থার দায়ভার অন্য সংস্থা উপর চাপানো হয়।
এক বাসিন্দা বলেন, সুয়ারেজ লাইন সঠিক করা সবচেয়ে জরুরি। এ বিষয়ে তারা ওয়াসা ও সিটি করপোরেশন উভয়েই অভিযোগ করেছেন। কিন্তু সিটি করপোরেশন ওয়াসাকে দোষারোপ করে এবং ওয়াসা সিটি করপোরেশনকে দোষারোপ করে।
তবে, সিটি করপোরেশনের কোনো গাফিলতির কারণে পানি সরবরাহে সমস্যা হলে জরুরি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি জানান, যদি ড্রেনের পানি ওয়াসার পাইপে প্রবাহিত হয়ে যায়, তবে ধরে নিতে হবে পানির পাইপে কোথাও ফেটে গেছে, যা মেরামতের কাজ ওয়াসার। একইভাবে, সিটি করপোরেশনের কোনো কর্মকাণ্ডের কারণে সমস্যা হলে তা সমাধানও তারা করবেন।
এদিকে, অবৈধ সংযোগের কারণে সুয়ারেজ লাইনে ময়লা মিশছে জানিয়ে ওয়াসা জানিয়েছে, সমন্বিতভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, রাতের অন্ধকারে বিভিন্ন কৌশলে পানির পাইপে অবৈধ সংযোগ দেওয়া হয়। যার ফলস্বরূপ, দূষিত পানি সরবরাহ লাইনে প্রবাহিত হচ্ছে। ভবিষ্যতে জনগণকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে এ সমস্যার সমাধানে কাজ করা হবে।
পূর্ব রামপুরার বাসিন্দারা দীর্ঘদিন ধরে চলতে থাকা এই দুর্ভোগের দ্রুত সমাপ্তি চান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন