প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : জাতীয় পুরস্কার প্রদানের উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো পরীক্ষা ও সুপারিশ প্রদানের জন্য সরকার ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির (কমিটি ও অফিসিয়েটিং)।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, ১০ সদস্যের কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।
কমিটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে নয় সদস্যের একটি সচিবালয় গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, তথ্য ও সম্প্রচারসহ বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
কমিটির কার্যপরিধিতে অন্তর্ভুক্ত রয়েছে জাতীয় পুরস্কারের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো পরীক্ষা করা, বিভিন্ন জাতীয় পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা এবং এ-সংক্রান্ত পরিকল্পনার বিষয়ে সুপারিশ করা। এছাড়া নতুন জাতীয় পুরস্কারের প্রয়োজনীয়তা যাচাই করে সুপারিশ প্রদান এবং কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক সহায়তা নিশ্চিত করার বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি জারি করা জাতীয় পুরস্কার সংক্রান্ত কমিটি গঠনসংক্রান্ত পূর্বের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন