প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাপানে প্রবল শক্তি নিয়ে আঘাত হেনেছে টাইফুন দুজুয়ান। এই শক্তিশালী ঝড়ের ফলে এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও চারজন। ঝড়ো বাতাস এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের উদ্ধৃতি দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
টাইফুনটি আঘাত হানার পূর্বে দেশটির আবহাওয়া সংস্থা ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি’ তৈরি হওয়ার সতর্কতা জারি করেছিল। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় পরে কয়েকটি এলাকার সতর্কতার মাত্রা কমিয়ে আনা হয়।
দুজুয়ানের স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। এর ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে এবং যানবাহন ও যোগাযোগব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে।
ঝড়ের কারণে জাপানে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। পাঁচ দিনের ছুটির মধ্যে টাইফুনের আঘাত বিভিন্ন পূর্বনির্ধারিত আয়োজনেও ব্যাঘাত সৃষ্টি করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রক ইন জাপান সংগীত উৎসবের নির্ধারিত কনসার্টগুলো বাতিল করা হয়েছে। একই দিনে টোকিও গেম শোর ভিডিও গেম প্রদর্শনীর আয়োজনও বাতিল করা হয়েছে।
টাইফুনে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রগামী বিমানে ওঠার কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন