প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাড়ির ভেতরটিকেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাড়ির অভ্যন্তরে ময়লা জমে গেলে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে এবং অগোছালো পরিবেশ পুরো গাড়ির চেহারা নষ্ট করে দেয়। বিশেষ করে সিটের নিচে খাবারের প্যাকেট, দরজার পাশে খালি পানীয়ের ক্যান, অথবা এদিক-ওদিক ছড়িয়ে থাকা তার গাড়ির অভ্যন্তরীণ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তবে কিছু সহজ অভ্যাসের মাধ্যমে গাড়ি পরিপাটি রাখা সম্ভব।
ছোট বর্জ্য ফেলার পাত্র রাখুন
যদি গাড়িতে খাবার বা পানীয় খাওয়ার অভ্যাস থাকে, তাহলে প্যাকেট, টিস্যু ও কাগজের কাপ জমে যেতে পারে। এসব জিনিস গাড়ির বাইরে রাস্তায় ফেলে দেওয়া মোটেও ভালো অভ্যাস নয়। তাই গাড়ির ভেতরে একটি ছোট বেতের ঝুড়ি বা ব্যাগ রাখা যেতে পারে। জমে থাকা ময়লা সেখানে ফেলুন।
সপ্তাহে অন্তত একবার পাত্রটি পরিষ্কার করা উচিত। পেট্রোল নেওয়ার সময় বা কোথাও অপেক্ষা করার সুযোগ পেলে গাড়িতে জমে থাকা ময়লা নির্দিষ্ট স্থানে ফেলে দিন।
ঋতু অনুযায়ী জিনিস রাখুন
সারা বছর গাড়িতে প্রয়োজনের অতিরিক্ত জিনিস জমিয়ে রাখলে জায়গা কমে যায় এবং গাড়িটি অগোছালো দেখায়। বর্ষাকালে ছাতা বা শীতকালে গরম কাপড় দরকার হতে পারে। তবে ঋতু পরিবর্তনের সাথে সাথে অপ্রয়োজনীয় এসব জিনিস গাড়ি থেকে নামিয়ে ফেলতে হবে।
ছোট বাক্সে গুছিয়ে রাখুন
পেন, টিস্যু, চিরুনি বা ঠোঁটের প্রসাধনীর মতো ছোটখাটো প্রয়োজনীয় জিনিসগুলো এদিক-ওদিক ছড়িয়ে না রেখে একটি ছোট বাক্সে রাখা যেতে পারে। এতে গাড়ির ভেতর গোছানো থাকবে এবং প্রয়োজনের সময় জিনিসগুলো সহজে পাওয়া যাবে।
গাড়ির পেছনের অংশে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, গাড়ির প্রয়োজনীয় যন্ত্রাংশ ও বাজারের ব্যাগ আলাদা করে রাখা যেতে পারে। গাড়ির ছোট ড্রয়ারে বিমার কাগজপত্রসহ প্রয়োজনীয় নথিও গুছিয়ে রাখা সম্ভব।
পকেটযুক্ত আসনঢাকা ব্যবহার করুন
গাড়িতে শিশু থাকলে তাদের খেলনা, আঁকার খাতা, বই ও পেনসিল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে পারে। এ সমস্যা এড়াতে পকেটযুক্ত আসনঢাকা ব্যবহার করা যেতে পারে। আসনের পেছনে ফিতার সাহায্যে এটি লাগিয়ে রাখা সম্ভব। ফলে পেছনের আসনে বসা শিশুরা সহজেই প্রয়োজনীয় জিনিস বের করে নিতে পারবে।
ব্যবহারের পর জিনিস নামিয়ে ফেলুন
গাড়িতে প্রয়োজনীয় কোনো জিনিস নিয়ে বের হলে যাত্রা শেষে সেটি গাড়িতে রেখে দেবেন না। প্রয়োজন শেষ হলে জিনিসটি গাড়ি থেকে নামিয়ে ফেলুন। একই সঙ্গে জমে থাকা ময়লা পরিষ্কার করে রাখুন। এতে গাড়ির ভেতরে অপ্রয়োজনীয় জিনিস জমবে না এবং দীর্ঘদিন পরও গাড়ি পরিপাটি রাখা সহজ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন