প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ ২২ সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস। প্রতি বছর এই দিনটি পালন করা হয় গণ্ডারের পাঁচটি প্রজাতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই প্রাণীকে রক্ষার জন্য মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে। ২০১১ সাল থেকে আন্তর্জাতিকভাবে ২২ সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।
গণ্ডার প্রায় ৫ কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে। কিন্তু মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বর্তমানে এই প্রাণী অস্তিত্ব সংকটে পড়েছে। অবৈধ শিকার, আবাসস্থল ধ্বংস এবং প্রজননের সুযোগ কমে যাওয়ার কারণে বর্তমানে বিশ্বে মোট ২৭ হাজার গণ্ডার টিকে আছে। পাঁচটি প্রজাতির মধ্যে চারটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
বর্তমানে গণ্ডারের পাঁচটি প্রজাতি বিদ্যমান। এগুলি হল সাদা গণ্ডার, কালো গণ্ডার, সুমাত্রান গণ্ডার, জাভান গণ্ডার এবং একশৃঙ্গ গণ্ডার। সাদা ও কালো গণ্ডার আফ্রিকায় পাওয়া যায়, অন্য তিন প্রজাতির আবাসস্থল এশিয়ায় অবস্থিত।
আন্তর্জাতিক গন্ডার ফাউন্ডেশনের ২০২৬ সালের হিসাব অনুযায়ী, বন্য পরিবেশে সাদা গণ্ডারের সংখ্যা প্রায় ১৫ হাজার ৭৫২টি। কালো গণ্ডারের সংখ্যা প্রায় ৬ হাজার ৭৮৮টি। একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা প্রায় ৪ হাজার ৭৫টি। জাভান ও সুমাত্রান গণ্ডারের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, বিশেষ করে সুমাত্রান গণ্ডার অত্যন্ত বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
গণ্ডারের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর মধ্যে একটি হলো অবৈধ শিকার। মূলত শিংয়ের জন্য শিকারিরা গণ্ডারকে হত্যা করে। গণ্ডারের শিং কেরাটিন নামক একটি উপাদানে তৈরি, যা মানুষের চুল ও নখের মধ্যে পাওয়া যায়।
গণ্ডারের শিং বিভিন্ন প্রচলিত চিকিৎসায় ব্যবহারের দাবি থাকলেও এর বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবুও, শিংয়ের চাহিদার কারণে প্রতিবছর বিপুলসংখ্যক গণ্ডার অবৈধ শিকারের শিকার হয়।
গণ্ডারের সংখ্যা দ্রুত বাড়ানো সহজ নয়। আফ্রিকান গণ্ডারের গর্ভধারণের সময় প্রায় ১৬ মাস। সাধারণত তারা দুই থেকে তিন বছর পরপর একটি করে বাচ্চা জন্ম দেয়। অতিরিক্ত শিকার বা অন্য কোনো কারণে গণ্ডারের সংখ্যা কমে গেলে তা দ্রুত পূরণ করা সম্ভব হয় না।
তবে গণ্ডার সংরক্ষণে কিছু আশার খবরও রয়েছে। সংরক্ষণ উদ্যোগের ফলে কিছু অঞ্চলে কালো গণ্ডার ও একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বেড়েছে। আফ্রিকার বিভিন্ন এলাকায় গণ্ডারকে তাদের পুরনো আবাসস্থলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে।
বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে গণ্ডারের আবাসস্থল রক্ষা, অবৈধ শিকার বন্ধ, আইন প্রয়োগ জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
গণ্ডার একসময় আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে বিচরণ করত। বর্তমানে তারা মূলত আফ্রিকার দক্ষিণ ও পূর্বাঞ্চলের সুরক্ষিত এলাকা এবং এশিয়ার কয়েকটি দেশে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
প্রায় ২৭ হাজার গণ্ডারকে পৃথিবীতে টিকিয়ে রাখতে অবৈধ শিকার বন্ধের পাশাপাশি নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতিগুলোর সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন