প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনির বাসিন্দা সুসেন মুন্ডার ঘরে একটি সাপ প্রবেশ করে। সাপটি দেখে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে যান।
পরে সুসেন মুন্ডা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানিয়ে দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধারের কাজ শুরু করেন।
উদ্ধারের সময় তারা একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পান। বস্তাটি সরিয়ে তারা দেখতে পান, সেখানে একটি পদ্ম গোখরা সাপ অবস্থান করছে। এরপর সতর্কতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার করা পদ্ম গোখরা সাপটি পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি পদ্ম গোখরা। এটি বিষধর সাপ হওয়ায় সাপটি দেখে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও কোনো পশু-পাখি বা বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে, আহত কিংবা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিজে ধরে বা মারার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগে খবর দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন