প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম মন্তব্য করেছেন যে, চাকরির পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি করার মাধ্যমে সরকার নিজেদের দলীয় লোক নিয়োগের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। তিনি সতর্ক করে বলেন, "সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে আবারও আন্দোলন শুরু হবে।" তিনি জোর দিয়ে বলেন, দেশের উন্নয়ন সম্পূর্ণ মেধার ভিত্তিতে হতে হবে এবং শিক্ষার্থীদের মূল্যায়নও মেধার ভিত্তিতে করা উচিত।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, "পিএসসি সংস্কার করা প্রয়োজন, নির্বাচন কমিশনকেও সংস্কার করতে হবে এবং মহা হিসাব নিরীক্ষকের পদটিও সংস্কার করা আবশ্যক।" তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোকে সংস্কার করতে হবে এবং পিএসসির গঠনমূলক সব সংস্কার সম্পন্ন করতে হবে। জুলাই মাসে এই সংস্কারের দাবি ছিল অন্যতম।
তিনি বলেন, "সংস্কারের জন্য সংবিধান সংস্কার কমিটিতে শপথ নিতে হবে। জামায়াতে ইসলামী শপথ নিয়েছে, কিন্তু বিএনপি শপথ নেয়নি।" তিনি তরুণ প্রজন্মের প্রতি সরকারের মনোভাবের সমালোচনা করে বলেন, "আপনারা মনে করছেন, তরুণ প্রজন্ম কিছুই বোঝে না, তারা এমনি এমনি জুলাই বিপ্লব করেছে।" তিনি সরকারের প্রতি আহ্বান জানান, "বর্তমান প্রজন্মকে দুর্বল মনে করবেন না, আমাদের মেধাকে নষ্ট করবেন না।" তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয় যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের কারণেই আপনারা ক্ষমতায় এসেছেন।"
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "এলাকা এলাকায় রাস্তাঘাটে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসনের ব্যবস্থা করা হচ্ছে না।" তিনি যুক্ত করেন, "যে বিশ্ববিদ্যালয় তার ছাত্রদের থাকার জায়গা দিতে পারে না, সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের থাকার নৈতিক অধিকার নেই।"
শিক্ষার্থীদের আবাসন সংকট প্রসঙ্গে তিনি বলেন, "শিক্ষার্থীরা এত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়, কিন্তু বিশ্ববিদ্যালয় তাদের থাকার সিটের ব্যবস্থা করতে পারে না।" রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩০ শতাংশ শিক্ষার্থী থাকতে পারে, কিন্তু ৭০ শতাংশ শিক্ষার্থী বাইরে থাকে। তিনি বলেন, "এই ৭০ শতাংশ শিক্ষার্থীর থাকার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় করতে পারেনি।"
তিনি আরও বলেন, "পিএসসিতে হাজার হাজার কোটি টাকা বাজেট দেওয়া হয়, অথচ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করা হয় না।" শিক্ষার্থীদের অধিকার আদায় করতে শেখার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আগামী দুই বছরের মধ্যে শতভাগ আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিতে হবে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "শিক্ষার্থীরা জুলাইয়ের পরে এসে সব গণরুম ভেঙে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম ভেঙে ছোট ছোট সিট করে দেওয়া হয়েছে।" তিনি উল্লেখ করেন, "প্রথম বর্ষের শিক্ষার্থীরা এখন মেধার ভিত্তিতে সিট পাচ্ছে।"
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রায় চার হাজার নিবন্ধিত নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন