প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা করেন, ২০২৬-২৭ অর্থবছর থেকেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে। এই প্রক্রিয়া ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
জানা গেছে, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ করবে মন্ত্রিসভা। আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এ বিষয়ে গেজেট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাস্তবায়ন প্রক্রিয়া যেভাবেই হোক, তা ১ জুলাই থেকে কার্যকর হবে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়ন কমিটির সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, নতুন পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সচিব কমিটি দু' থেকে তিন দিন সময় নিবে কারিগরি কিছু দিক বিশ্লেষণ করার জন্য। এরপর সচিব কমিটির সুপারিশ চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হবে। মন্ত্রিসভায় নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর এটি আইনি পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। তারপরে প্রধানমন্ত্রী সারসংক্ষেপ অনুমোদন করলে গেজেট প্রকাশ হবে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, শুরুতে বাস্তবায়ন কমিটি তিন ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার সুপারিশ করেছিল। তবে পরে এই suporish পরিবর্তন করে দুই ধাপে বাস্তবায়নের দিকে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সর্বশেষ গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। কারণ, বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য এক লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হলেও নতুন কাঠামো বাস্তবায়নে অন্তত এক লাখ ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়। সেই অনুযায়ী সরকার এই অর্থ কিভাবে জোগান দেবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রিসভার বৈঠকে।
বৈঠক শেষে কমিটির এক সদস্য নাম প্রকাশ করার শর্তে জানান, সরকারি চাকরিজীবীদের প্রায় ১১ বছর ধরে বেতন বাড়েনি। ফলে নতুন পে স্কেলে যেন কারও বঞ্চনা বা ক্ষোভ না থাকে, সেই জন্য ভালোভাবে পর্যালোচনা করা হচ্ছে। এজন্য আরও দু' থেকে তিনটি সভা অনুষ্ঠিত হবে। এরপর আগস্টের শুরুতে গেজেট প্রকাশ করা হতে পারে। তিনি বলেন, বাড়তি বেতন-ভাতা দেওয়ার সঙ্গে অনেক অর্থের সংশ্লেষ রয়েছে এবং সরকারের সক্ষমতার বিষয়ও জড়িত। তাই নতুন পে স্কেল কয় ধাপে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে সচিব কমিটি কোনো মতামত দেবে না। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
জানা যায়, নতুন বেতন কাঠামোয় কেবল মূল বেতনই নয়; বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে। এসব সুবিধার জন্য একাধিক এসআরও (বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ) জারি করা প্রয়োজন। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার কমিটির বৈঠক শেষে নতুন পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত এসআরও এবং বিধিবিধানের খসড়া তৈরি করতে বলা হয়েছে। কিছু ক্ষেত্রে বিগত পে স্কেলের চিত্র তুলে ধরার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিটির নির্দেশনার আলোকে কাজ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন