প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ফাইনাল মানেই আলাদা উত্তাপ। সেই উত্তাপ আরও বাড়ে যখন প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান হয়, ফলে উত্তেজনা মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। শনিবার (৩ আক্টোবর) এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনাল নিয়ে তাই বাড়তি উত্তেজনা দেখা যাচ্ছে।
তবে এখন মনে হচ্ছে ম্যাচের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা কিছুটা কমবে। কারণ, ফাইনালে উপস্থিত থাকবেন না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।
আগে থেকেই নির্ধারিত ব্যস্ততার কারণে ফাইনালের দিন তিনি উপস্থিত থাকতে পারবেন না। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসিসি বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, এসিসির সভাপতি মহসিন নাকভি পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে এশিয়ান গেমস ২০২৬–এর ফাইনাল দিবসে উপস্থিত থাকতে পারবেন না। তবে সোনা ও ব্রোঞ্জ জয়ের লড়াইয়ের আগে তিনি চার দলকেই শুভকামনা জানিয়েছেন।
জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হবে ভারত–পাকিস্তান ফাইনাল। তার আগে ব্রোঞ্জ জয়ের ম্যাচে সকাল ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার (১ আক্টোবর) সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ১৩ ওভারের ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়েছে ভারত।
সাম্প্রতিক সময়ে ভারত–পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই বিতর্কের উপলক্ষ। ২০২৫ সালের শুরুর দিকে পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। এরপর থেকে বৈশ্বিক ক্রিকেটে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে চলছে ভারতীয়রা।
এসিসির টুর্নামেন্টে ট্রফি তুলে দেওয়ার দায়িত্ব থাকে সভাপতির। কিন্তু সেই ব্যক্তিটি পাকিস্তানের নাকভি হওয়ায় ২০২৫ ও ২০২৬ এশিয়া কাপে ভারতের পুরুষ ও নারী দল তার কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি। নাকভি শুধু এসিসির সভাপতি নন, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও। আপাতত স্বস্তি, আগামীকাল ভারত এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হলে তেমন কোনো দৃশ্যের পুনরাবৃত্তি হবে না। কারণ, নাকভি নিজেই ফাইনালে উপস্থিত থাকছেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন