প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীয়তপুরের জাজিরায় জমিজমাসংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। এবার সংঘর্ষে অন্তত দেড় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ককটেলের আঘাতে মান্নান সরদার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হন এবং রিপন মোল্লা (৪০) নামের অপর একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এদিকে, মান্নান সরদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকা জুড়ে ব্যাপক তাণ্ডব, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সরজমিন গেলে লুটপাট ও তাণ্ডবের কিছু চিত্র উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে যে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে স্থানীয় মোশারফ চৌকিদার ও আজাহার চৌকিদারের মধ্যে বিরোধ চলছিল। পরিস্থিতি পরে স্থানীয় রাজনৈতিক কোন্দলে রূপ নেয়। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় রেজাউল সিকদার সমর্থিত এসকেনদার সরদার, আতাউর মাঝি, আমির মাঝি ও ওয়াসিম মোল্লার গ্রুপ এবং তামিজ খা সমর্থিত বাবুল মোল্লা ও লাবলু মোল্লাদের গ্রুপ দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষকে আঘাত করার জন্য উভয়পক্ষ বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় ককটেল বিস্ফোরণে হামি মোল্লার ছেলে রিপন মোল্লার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। অপরদিকে, ককটেলের আঘাতে গুরুতর আহত সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে মান্নান সরদারকে ঢাকা নেওয়ার সময় মৃত্যু হয়।
মান্নান সরদারের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর রেজাউল সিকদার ও তার অনুসারীরা হিংস্র হয়ে ওঠে। তারা দিনদুপুরে ও রাতে প্রতিপক্ষের অন্তত শতাধিক বাড়িতে হামলা করে, ভাঙচুর ও লুটপাট চালান। নারীদের ওপরও হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের মূল্যবান স্বর্ণালংকার, গরু-ছাগলসহ অন্তত কোটি টাকার সম্পদ লুট করা হয়েছে। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক ওমর ফারুক জানান, ককটেল বিস্ফোরণে গুরুতর আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একজনের হাতের মারাত্মক ক্ষতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপরজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে একজন নিহত ও একজনের হাত বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। তিনি বলেন, এলাকাতে বিশৃঙ্খলা রোধ করতে গত দুই দিন ধরে জাজিরা থানা পুলিশ বাড়ি বাড়ি গিয়ে সতর্কতামূলক কার্যক্রম চালায়। তা সত্ত্বেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন