প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হাতে চক ছিল ২৬ বছর ধরে, সামনে অসংখ্য শিক্ষার্থী। যাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন, সেই প্রিয় শিক্ষক সজল কান্তি নাথ এবার কর্মজীবন থেকে বিদায় নিলেন। তার বিদায়ের দিন মীরসরাইয়ের ঐতিহ্যবাহী জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
২০০০ সালে শিক্ষকতা শুরু করে সজল কান্তি নাথ দীর্ঘ ২৬ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করেছেন। অবশেষে তিনি অবসরজনিত বিদায় নেন। সকালে শেষবারের মতো বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের জন্য শেষ পাঠদান করেন তিনি। এরপর বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায়ী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় স্মৃতিচারণা করেন সহকারী শিক্ষক সুব্রত বড়ুয়া, হেড মাওলানা আনোয়ার হোসেন, টুংকেল বড়ুয়াসহ অন্যান্য শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা তার দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। এ সময় উপহার প্রদান ও কেক কাটার আয়োজনও করা হয়।
বিদায়ের শেষ মুহূর্তে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন প্রিয় শিক্ষক। স্কাউট সদস্য ও শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে তাকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় জানান। অনেক শিক্ষার্থীকে এ সময় চোখের পানি মুছতে দেখা যায়।
বিদ্যালয় ছাড়ার পর সবচেয়ে আবেগঘন দৃশ্য তৈরি হয়। সজল কান্তি নাথকে বহনকারী গাড়ির পেছনে পেছনে বিদ্যালয় থেকে তার বাড়ি পর্যন্ত ছুটে যায় শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের এমন ভালোবাসার দৃশ্য আশপাশের মানুষকেও আবেগাপ্লুত করে তোলে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন