প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের হাটহাজারীতে একটি ইটভাটা মালিকের চলন্ত গাড়ির লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে, তবে হামলায় কেউ আহত হয়নি। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে তদন্ত করতে শুরু করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীর নাম এস এম শহীদুল্লাহ, যিনি চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার এস এম শফির ছেলে। তিনি রাউজানে একাধিক ইটভাটা এবং চট্টগ্রাম নগরীতে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।
এস এম শহীদুল্লাহ রনি জানান, মঙ্গলবার রাতে তিনি চট্টগ্রাম নগরী থেকে নিজেই গাড়ি চালিয়ে রাউজানে নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। যখন তিনি হাটহাজারী উপজেলার ইছাপুর চারাবটতলা এলাকায় পৌঁছান, দুর্বৃত্তরা তার গাড়ির সামনে ইট নিক্ষেপ করে গতিরোধের চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি গাড়ির লাইট বন্ধ করে গাড়িটি থামান। এ সময় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী তার গাড়ির পিছনের আসনের দিকে পরপর চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিগুলো গাড়ির এক পাশ ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি জানান, ‘এ সময় আমি চালকের আসনে নিচু হয়ে থাকায় জীবনের ঝুঁকি থেকে রক্ষা পাই। নিয়মিত চালক থাকলেও সেই দিন আমি নিজেই গাড়ি চালাচ্ছি। হামলাকারীরা সম্ভবত ধারণা করেছিল আমি পেছনের আসনে বসে আছি, এজন্য তারা পেছনের সিট লক্ষ্য করে গুলি চালায়।’
গুলির আওয়াজ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে পালাতে সক্ষম হয়। হামলায় গাড়ির কিছু ক্ষতি হলেও ব্যবসায়ী নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, এস এম শহীদুল্লাহ নামের একজন ব্যবসায়ী চট্টগ্রাম নগরী থেকে রাউজানে তার গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে হাটহাজারীর চারাবটতলা এলাকায় দুর্বৃত্তরা প্রথমে তার গাড়িতে ইট নিক্ষেপ করে গতিরোধের চেষ্টা করে এবং পরে তার উপর লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এই দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন