প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি দাবি করেছে যে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সফল হামলা চালিয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরের দিকে গোষ্ঠীটির পক্ষ থেকে এই সামরিক অভিযানের দাবি করা হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, সৌদি জোটের অব্যাহত বিমান ও সামরিক হামলার জবাবে তারা এই পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি সতর্ক করে বলেন, যদি রিয়াদ তাদের সামরিক কার্যক্রম বন্ধ না করে, তাহলে সৌদি আরবের অভ্যন্তরীণ সীমানার আরও গভীরে বড় ধরনের হামলা চালানো হবে।
তবে, হুতিদের এই সামরিক ঘাঁটিতে হামলার দাবি সম্পর্কে সৌদি সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে, শনিবার (১২ সেপ্টেম্বর) সৌদি আরবের সিভিল ডিফেন্স দপ্তর জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলের আল-তুওয়াল গভর্নরেটে সীমান্ত পেরিয়ে আসা একটি প্রজেক্টাইল আঘাত হানে। এই হামলায় দুজন সাধারণ নাগরিক আহত হন। এছাড়া, বিস্ফোরণের ফলে স্থানীয় একটি মসজিদ, একাধিক আবাসন ভবন ও বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন