প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরের কচুয়া উপজেলার গাজীর বাজারে আগুনের ঘটনায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মতে, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশ্রাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল এসব তথ্য নিশ্চিত করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- মিজানুর রহমানের মুদি দোকান, আমির হোসেনের চায়ের দোকান, জয়না আবেদিনের মুদি দোকান, বাবুলের মুদি দোকান এবং আবুল বাশারের ফার্নিচারের দোকান। উল্লেখ্য, ফার্নিচারের দোকানটি আংশিকভাবে পুড়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, শুক্রবার রাতে তারা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে দোকানে আগুন লাগার খবর পেয়ে তারা বাজারে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই কিছু দোকানের মালামাল ও স্থাপনা পুড়ে যায়।
কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. হেলাল উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল বলেন, সকালে ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন