প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন যে, সরকারের পক্ষ থেকে বিধবা কার্ড চালু হলে সংসদ সদস্যের স্ত্রী সেটি সবার আগে চাইবেন। তিনি বলেন, "এটাই বাংলাদেশের পরিস্থিতি।"
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই সংবর্ধনার আয়োজন করে জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ জানান, কিছুদিন আগে একটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে এমপির ছেলে, মেয়ে এবং শ্যালিকাও সারের ডিলার হয়েছেন।
এনসিপির এই নেতা আরও বলেন, "যদি বিধবা কার্ড দেওয়া হয় এবং তার টাকা প্রদান করা হয়, তাহলে এমপির বউ সবার আগে পাবে।" তিনি উল্লেখ করেন, "বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে বলবে, ‘আমাকে একটা দাও।’"
হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্ট অচলাবস্থার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, "বাংলাদেশের শিক্ষাব্যবস্থাটাকে বোঝেন—‘উনাকে (উপাচার্য) কোনো টিচার চায় না, উনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও চায় না, উনাকে উনার কলিগরাও চায় না; নির্লজ্জের মতো আজকে তালা ভেঙে উনি উনার চেয়ার দখল করেছেন।"
তিনি আরও বলেন, "উনার তো ন্যূনতম লজ্জার একটি বিষয় আছে। উনি কী করছেন, ছাত্রদলের কয়েকজন গুন্ডা নিয়ে উনি রুমের তালা ভাঙছেন।"
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার তাকে চুয়েটে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করা বন্ধ করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি জানান, "তিনি প্রায় এক মাস ধরে চট্টগ্রাম সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাকে নিতে চায় না, লজ্জা নেই তার।"
শিক্ষার্থীদের উদ্দেশে এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, "সমাজে এ ধরনের মানসিক অধঃপতনগুলো হচ্ছে। অধঃপতনগুলোর বিরুদ্ধে আপনাদের সব সময় সচেতন থাকতে হবে।"
তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে ও শিক্ষকদের বিরুদ্ধে যারা দাঁড়ান, যাদের কাছে শিক্ষার চেয়ে পদ বড় হয়ে ওঠে; তাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন