প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ার পর এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক মো. রেজাউল ইসলামের চাকরি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত জানিয়ে দেবার জন্য চিঠি পাঠানো হবে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরো জানিয়েছেন, বাংলা বিভাগের অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে আনা একই ধরনের অভিযোগের বিষয়টি পুনর্মূল্যায়নে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মাসে এক ছাত্রী লিখিতভাবে অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর অধ্যাপক রেজাউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধানের দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ ও উপস্থাপিত প্রমাণ অনুযায়ী, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রীদের কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অধ্যাপক রেজাউল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন