প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি মন্তব্য করেছেন যে, বর্তমান সরকারের তৈরি করা জ্বালানি সমস্যা নয়, বরং পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের আমদানি-নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির ফলস্বরূপ আজকের সংকট সৃষ্টি হয়েছে।
তিনি শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হলে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ি এএইচকে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপনবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, চলমান আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জও বর্তমান সংকটের অন্যতম কারণ। এর ফলে জ্বালানি সংগ্রহের প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে।
তিনি উল্লেখ করেন, সরকার গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। দেশের গ্যাস উত্তোলন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানির মজুত তৈরি এবং ভোলায় আবিষ্কৃত গ্যাসসহ নিজস্ব উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব মধ্যমেয়াদি উদ্যোগের সুফল এক থেকে দেড় বছরের মধ্যে পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাকি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাংলাদেশকে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। এতে একদিকে আর্থিক চাপ সৃষ্টি হয়েছে, অন্যদিকে প্রয়োজনীয় গ্যাসও পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকার দীর্ঘ সময় জনগণের সম্মতি ছাড়া ক্ষমতায় ছিল এবং উন্নয়নকে তাদের শাসনের বৈধতার হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। কিন্তু পরিকল্পনার অভাবে কুমিল্লার মানুষ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে সহজে যেতে পারছেন না। পরিকল্পনা মানে শুধু বড় বড় প্রকল্প বাস্তবায়ন নয়, মানুষের প্রয়োজনীয় ছোট বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, হাজারো মানুষের আত্মত্যাগ এবং আহত ব্যক্তিদের প্রতি দায়বদ্ধতা হচ্ছে গণতান্ত্রিকভাবে ও পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন করা।
সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমাতে বিকল্প আরেকটি মহাসড়ক নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রস্তাবিত মহাসড়কটি নির্মিত হলে অবহেলিত কুমিল্লার উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন