প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশে দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে, যেখানে সাইকেল চালানোর জন্য দুটি আলাদা ট্র্যাক রাখা হয়েছে। কিছুদিনের মধ্যেই সড়কটিতে সাইকেল চালানো সম্ভব হবে। এর মাধ্যমে সাইকেল চলাচলে নতুন একটি যুগের সূচনা হতে যাচ্ছে।
আধুনিক নগর পরিকল্পনার আওতায় নিরাপদ ফুটপাত, সাইকেলের লেন (ট্র্যাক), পথচারীবান্ধব অবকাঠামো এবং সবুজায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বিমানবন্দর সড়কে সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে। পতেঙ্গা সৈকতের পাশে অবস্থিত এই সড়কটি দেশি-বিদেশি পর্যটকদের জন্য সাইকেলে চড়ে চমৎকার প্রাকৃতিক পরিবেশ উপভোগের সুযোগ সৃষ্টি করবে। অদূর ভবিষ্যতে এটি সাইকেল-ট্যুরিজমের নতুন দুয়ারও খুলতে পারে।
পতেঙ্গায় চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে আলাদা সাইকেল ট্র্যাক নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। পতেঙ্গা সমুদ্রসৈকতের সংলগ্ন সড়কটির নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর সড়কের চার লেনের দুপাশে ফুটপাত রাখা হয়েছে। মাঝখানে কার্বস্টোন দিয়ে নির্মাণ করা হয়েছে মিড আইল্যান্ড। সড়কের একপাশে ল্যান্ডস্কেপিং ও ওয়াকওয়ের সঙ্গে সাইকেল চলাচলের জন্য দুটি ট্র্যাক রাখা হয়েছে। সাইকেল ট্র্যাকের দুপাশে ইটের কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এখন পাথরের কার্পেটিং করে সাইকেল ট্র্যাকটি চালুর জন্য প্রস্তুত করা হবে।
বিশ্বের বিভিন্ন দেশে সড়কের দুই পাশে সাইকেল চালানোর জন্য আলাদা ট্র্যাক থাকে। সেখানে সাইকেলে প্যাডেল ঘুরিয়ে গন্তব্যে ফিরছে মানুষ, এমন দৃশ্য চিরচেনা। কিন্তু আমাদের দেশে পরিস্থিতি ভিন্ন। যানজট, ধুলাবালি এবং গাড়ির ভিড়ে আলাদা ট্র্যাক না থাকার কারণে শহরগুলোতে সাইকেল নিয়ে বের হওয়া সম্ভব হয় না। ফলে সাইকেল চালানোর অভ্যাস গড়ে ওঠেনি। তবে একটি গবেষণা জরিপে দেখা গেছে, সাইকেল চালানোর দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে ১৫ নম্বরে রয়েছে। সাইকেল চালানোর ক্ষেত্রে বিশ্বসেরা শহর নেদারল্যান্ডসের ওয়াজেনিনজেন, যেখানে বেশিরভাগ মানুষই সাইকেল ব্যবহার করেন।
সায়েন্টিফিক আমেরিকান ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণা জরিপে বাংলাদেশের নাম উঠে এসেছে। গবেষকরা ১২১টি দেশের প্রায় ১১ হাজার ৫৮৭টি শহরের গুগল ম্যাপের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছেন।
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে সড়কে সাইকেলের জন্য আলাদা ট্র্যাক রাখা হয়। আমি নিজেও অনেক দেশে এটি দেখেছি। কিন্তু আমাদের দেশে এই ধরনের ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। তাই প্রথমবারের মতো আমি একটি সড়কের দুপাশে সাইকেল ট্র্যাক নির্মাণ করেছি। কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই সাইকেল চালানোর জন্য এই ট্র্যাক খুলে দেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন