প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের শেয়ারবাজারে একটি বড় ধরনের দরপতনের ফলে মাত্র দুই ঘণ্টার মধ্যে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্সভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য প্রায় ১ লাখ ২১ হাজার ৯৪৫ কোটি ভারতীয় রুপি কমে গেছে। বাংলাদেশি মুদ্রায়, এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ৬৩ হাজার ৪০৬ কোটি টাকা। শুক্রবার (১৯ জুন) বাজারে এই অস্থিরতা দেখা দেয়, যা তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে বড় দরপতন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপের কারণে ঘটেছে।
দিনের লেনদেনের এক পর্যায়ে, ভারতের প্রধান শেয়ারবাজার সূচক সেনসেক্স ৮০০ পয়েন্টের বেশি কমে যায়। অন্যদিকে, নিফটি ৫০ সূচক ২৩ হাজার ৯৫০ পয়েন্টের নিচে নেমে আসে। তথ্যপ্রযুক্তি খাত সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে, যেখানে এ খাতের সূচক প্রায় ৬ শতাংশ কমে যায়।
বাজারের তথ্য অনুযায়ী, বিএসই সেনসেক্সভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য ৪ লাখ ৭৭ হাজার ৬০৮ কোটি ৯ লাখ ৮ হাজার রুপি থেকে কমে ৪ লাখ ৭৬ হাজার ৩৮৯ কোটি ৬৩ লাখ রুপিতে নেমে আসে। এই পতন ঘটে দুই ঘণ্টার ব্যবধানে।
তথ্যপ্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর শেয়ারে দরপতন বাজারকে আরও চাপের মধ্যে ফেলে। ইনফোসিসের শেয়ারের দাম ৮ শতাংশের বেশি, টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) প্রায় ৬ শতাংশ এবং টেক মাহিন্দ্রার প্রায় ৫ শতাংশ কমে যায়। এইচসিএল টেকসহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারেও দরপতন দেখা যায়।
বিশ্লেষকদের মতে, এই দরপতনের পেছনে অন্যতম কারণ যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের আর্থিক পূর্বাভাস। প্রতিষ্ঠানটি ২০২৬ অর্থবছরের জন্য আয়ের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ থেকে ৫ শতাংশের পরিবর্তে ৩ থেকে ৪ শতাংশে নামিয়ে এনেছে। পাশাপাশি পরবর্তী প্রান্তিকের আয় নিয়েও প্রত্যাশার চেয়ে দুর্বল পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাকসেঞ্চারের এই ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ আয় নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর ফলে ভারতের প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে প্রভাব পড়ে, কারণ দেশটির বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আয়ের একটি উল্লেখযোগ্য অংশ বিদেশি বাজারনির্ভর।
বাজারে চাপ বাড়িয়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রিও। বৃহস্পতিবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় ১ হাজার ২৫ কোটি ২০ লাখ রুপির শেয়ার বিক্রি করেন। এর আগে টানা পাঁচ কার্যদিবস তারা ভারতীয় শেয়ারবাজারে নিট ক্রেতা ছিলেন।
অন্যদিকে, সাম্প্রতিক কয়েকটি কার্যদিবসে বাজারে উল্লেখযোগ্য উত্থান হয়েছিল। আগের পাঁচ কার্যদিবসে সেনসেক্স প্রায় ৫ শতাংশ এবং নিফটি ৪ শতাংশের বেশি বেড়েছিল। ফলে সাম্প্রতিক উত্থানের পর মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও দরপতনের পেছনে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
শুধু তথ্যপ্রযুক্তি খাত নয়, বাজারের অন্যান্য অংশেও বিক্রির চাপ দেখা গেছে। ভারতের জাতীয় শেয়ারবাজারের প্রায় দেড় হাজার কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সাম্প্রতিক উত্থানের পর বাজারে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন