প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আর্জেন্টিনার ফুটবলে পরবর্তী বড় তারকা কে হতে পারেন, এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। এবার এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনি। আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাজকে তিনি তাঁর ছেলের উত্তরসূরি হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছেন পাজের চাচা ফাবিয়ান পাজ।
রেডিও লা রেডের একটি সাক্ষাৎকারে ফাবিয়ান জানান, মেসির বিদায়ী ম্যাচের পর ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় নিকো মেসির মাকে কাঁদতে দেখেন। পূর্ব পরিচয়ের কারণে নিকো তাঁর কাছে গিয়ে শুভেচ্ছা জানান। তখন সেলিয়া কুচিত্তিনি নিকোর হাত ধরে বলেন, “তুমি আমার ছেলের উত্তরসূরি।”
মেসির মায়ের এমন অপ্রত্যাশিত মন্তব্যে ২২ বছর বয়সী নিকো স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর চাচা ফাবিয়ান পাজ জানান, গাড়িতে অপেক্ষা করার সময় নিকো বাইরে এসে পুরোপুরি হতবাক ছিলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না কী শুনেছেন।
ফাবিয়ান বলেন, “আমি গাড়িতে অপেক্ষা করছিলাম। সে যখন বেরিয়ে এলো, তখন একেবারে হতবাক। বিশ্বাস করতে পারছিল না। ভেতরে ভেতরে সে এখনো শিশুর মতো, ঘটনাটি তাকে খুব আবেগাপ্লুত করেছে।”
নিকোকে ঘিরে আর্জেন্টিনার ফুটবলে ক্রমেই বাড়ছে প্রত্যাশা। তবে তাঁর চাচার মতে, তরুণ এই প্লেমেকার এসব তুলনা ও আলোচনায় মাথা ঘামান না। মেসির সঙ্গে দেখা করা এবং একই মাঠে খেলতে পারা তাঁর কাছে ছিল অসাধারণ অভিজ্ঞতা। ইউরোপে খেলার কারণে আর্জেন্টিনার মতো দেশে প্রতিদিনের তীব্র চাপ থেকেও কিছুটা দূরে থাকতে পারেন তিনি।
মেসির মায়ের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নিকো। কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের প্রীতি ম্যাচে প্রথমার্ধেই দুর্দান্ত দুটি গোল করেন তিনি।
ক্লাব ফুটবলেও দারুণ সময় কাটাচ্ছেন নিকো। ২০২৬-২৭ মৌসুমে কোমোর হয়ে সিরি ‘আ’-তে ৯ ম্যাচে তাঁর গোল ৩টি, সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট।
মেসির উত্তরসূরি হওয়ার চাপ কতটা বড়, তা সময়ই বলবে। তবে মেসির পরিবারের কাছ থেকে এমন আবেগঘন স্বীকৃতি নিকো পাজের ক্যারিয়ারে নিঃসন্দেহে স্মরণীয় এক মুহূর্ত হয়ে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন