প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জলবায়ু সম্মেলনে ‘অভিন্ন কিন্তু ভিন্নতর দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতা’—এই নীতির ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর পাঁচটি প্রস্তাবের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা। পাশাপাশি নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা প্রদান করা।
জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু-সহনশীল ঋণ ধারা) এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।
পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা।
কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।
তারেক রহমান বলেন, ‘নারী ও তরুণরা যেন জলবায়ু কার্যক্রমে অংশ নেয়, এটাও নিশ্চিত করতে হবে। আমাদের অবশ্যই মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রাকে নাগালের মধ্যে রাখতে বৈশ্বিক নির্গমন কমাতে হবে।’
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তবুও, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে আমাদের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে চলতে হবে। আমাদের শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।’
নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে আমরা এই পদক্ষেপ নিয়েছি। বিশেষ কর প্রণোদনার সহায়তায় আমরা ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি, বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগকেও আমরা উৎসাহিত করছি।
পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার সবুজ শিল্পকে উৎসাহিত করছে, যার মধ্যে রয়েছে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে। আমরা পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার ঘটাচ্ছি। এ ছাড়া, আমরা কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামোও তৈরি করছি।’
সরকারের আরও পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে। পরিবেশ রক্ষায় আমরা পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী এবং খাল খনন করছি, যার উদ্দেশ্য পানি ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। এ ছাড়া আমরা উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধার করছি, যাতে জনগোষ্ঠীকে রক্ষা করা যায় এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা যায়।’
বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনও অপ্রতুল উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এটি উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারগুলোকে যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি আমাদের অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। একই সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।’
তিনি আরও বলেন, ‘জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়, যা তাদের ঋণ বাড়িয়ে দেয়। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তারও প্রয়োজন।’
সবশেষে সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করি এই সম্মেলন অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ এবং উচ্চাভিলাষী ফলাফল দেবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন