প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ৯টার দিকে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্র জানায়, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে দীর্ঘ চিকিৎসার পর। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ ও ছাড়পত্রের ভিত্তিতে তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার স্ত্রী আফরোজা আব্বাসও জানিয়েছেন, দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে দেশে ফেরার পরও চিকিৎসা, নিয়মিত ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে হবে।
গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় এবং মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তার অবস্থার উন্নতি হলে চিকিৎসকেরা ফিজিওথেরাপি ও পুনর্বাসনের পরামর্শ দেন। এরপর ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় ধরে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা চলে।
মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে তার শারীরিক সক্ষমতা বাড়তে থাকে। জুনে বিএনপির মিডিয়া সেল জানিয়েছিল, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত পায়ের থেরাপি, হাঁটা ও হালকা শারীরিক ব্যায়াম করছিলেন। মে মাসেও তার স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে এবং প্রতিদিন থেরাপি দেওয়া হচ্ছে।
দীর্ঘ অসুস্থতার কারণে প্রায় সাড়ে পাঁচ মাস দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় মির্জা আব্বাস রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন। দেশে ফিরে চিকিৎসা ও পুনর্বাসন অব্যাহত রাখার পাশাপাশি ধীরে ধীরে রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার প্রস্তুতি নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
মির্জা আব্বাস বর্তমানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন