প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
/খোরশেদ আলম শিমুল/
চট্টগ্রাম (উত্তর), ২১ নভেম্বর, ২০২৬ : শীত মৌসুমে উত্তর চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের তৈরি জিলাপির চাহিদা ও কদর বেড়ে গেছে।
এ ব্যতিক্রমী মচমচে এবং সুস্বাদু জিলাপি উত্তর চট্টগ্রামের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রাচীনকাল থেকে শীতকালে হাটহাজারীর গ্রামাঞ্চলে মহিলারা ঘরোয়াভাবে চালের জিলাপি তৈরি ও পরিবেশন করে আসছেন। এছাড়া, শীত মৌসুমে ধর্মীয় সম্মেলন ও মাহফিলের সময় বিভিন্ন মেলায় এই জিলাপির বিক্রি হয়ে থাকে। বর্তমানে, জিলাপিটি হাটহাজারী পৌরসদর এবং বেশ কয়েকটি হাটবাজারে জমজমাট বিক্রি হচ্ছে। প্রতিদিন উপজেলার ছয়টি বাজারে প্রতি কেজি ১২০ টাকা দরে অন্তত ৫ হাজার কেজি জিলাপি বিক্রি হচ্ছে।
যেসব বাজারে জিলাপি বিক্রি হয় তা হলো: হাটহাজারী উপজেলার চৌধুরীহাটে ২ জন, সরকারহাট বাজারে ৩/৪ জন, মনিয়া পুকুর পাড়ে ২/৩ জন, হাটহাজারী বাজারে ৬ জন এবং কাটিরহাট বাজারে ১ জন জিলাপি তৈরির কারিগর সকালের শুরু থেকে গভীর রাত পর্যন্ত জিলাপি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শীতের আগমনের সাথে সাথে জিলাপির চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং কম পরিশ্রম ও পুঁজি খাটিয়ে ভালো আয় হচ্ছে বলে মৌসুমী ফল বিক্রেতারা জিলাপি তৈরিতে আগ্রহী হয়ে উঠেছেন।
চালের জিলাপি তৈরির উপকরণ সম্পর্কে জানা গেছে যে, এটি চালের গুঁড়া ও গুড়ের তৈরি মিঠাই। গরম পানি দিয়ে চালের গুঁড়ার পেস্ট প্রস্তুত করা হয়। একটি কাপড়ে পেস্ট রেখে বিশেষভাবে ঘুরিয়ে চক্রাকারে ফুটন্ত তেলের ওপর দিয়ে জিলাপি তৈরি করা হয়। জিলাপির রং লাল হয়ে আসলে তা গুড়ের মিঠাতে ভিজিয়ে রাখা হয়। প্রতিটি জিলাপির ওজন প্রায় এক কেজি হয়ে থাকে।
গত বছর জিলাপির দাম ছিল ১২০ টাকা প্রতি কেজি। তবে, বর্তমানে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে প্রতি কেজি জিলাপি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সরেজমিনে হাটহাজারী বাসস্টেশন এলাকার জিলাপি তৈরিকারক করিম, ইউসুফ, মঞ্জু এবং সরকারহাট বাজারের মো. মাহাবুব, মো. আবুল হোসেন, মো. মহিন উদ্দিনের সাথে কথা হলে তারা বাসস’কে জানান, প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন শতাধিক কেজি জিলাপি বিক্রি করেন। জিলাপির চাহিদা বেশি হওয়ায় বিক্রেতারা তৈরি করতে কূল পাচ্ছেন না।
হাটহাজারী বাসস্ট্যান্ডের জিলাপি তৈরিকারক ইউসুফ বাসস’কে জানান, তিনি প্রতিদিন অন্তত এক থেকে দেড় শতাধিক কেজি জিলাপি বিক্রি করেন। সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত তিনি জিলাপি বিক্রি করেন। এই কাজে তার সাথে ২ জন স্টাফ সহযোগিতা করে। প্রতিদিন দেড়শ’ কেজি চালের গুঁড়া, প্রায় ৭০ কেজি গুড়, ৮০ কেজি কেরোসিন এবং ৮০ কেজি সয়াবিন তেল ব্যবহার করেন। স্টাফসহ সার্বিক খরচ বাদ দিয়ে তার মোটামুটি হাজার দু’এক টাকা রোজগার হয়। তিনি জানান, "১৫ বছর ধরে হাটহাজারী বাজারে জিলাপি বিক্রি করে আসছি। যতক্ষণ বানানো যাচ্ছে, ততক্ষণই বিক্রি হচ্ছে।"
জিলাপি ক্রেতা মো. হোসেন বাসস’কে বলেন, "হাটহাজারী চালের জিলাপি এই এলাকার একটি ঐতিহ্যবাহী শীতকালীন খাবার। মচমচে, সুস্বাধু এই জিলাপি খেতে বেশ মজা এবং পরিবারের সবাই, বিশেষ করে বাচ্চারাও এটি খুব পছন্দ করে। তাই আমি সপ্তাহে দুই থেকে তিনবার পরিবারের জন্য চাল জিলাপি কিনে থাকি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন