প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে দেশজুড়ে ডিএনসি’র গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার এবং সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যদের গ্রেপ্তার করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গত ০৯ জুন ২০২৬ তারিখে ডিএনসি’র ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে যাত্রাবাড়ী এলাকা থেকে ১৬,০০০ পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেন কে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনার পর গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও ধারাবাহিক নজরদারি মাধ্যমে তার মাদক পাচার নেটওয়ার্কের অন্য সদস্যদের শনাক্ত করা হয়। ওই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে যশোরগামী একজন সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যশোরভিত্তিক একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে যশোরের উদ্দেশ্যে রওয়ানা দিতে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিএনসি’র ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে ০৬ জুলাই ২০২৬ তারিখ রাতে ঢাকার শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে দুইটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেল দুটিতে থাকা চারজনকে আটক করে বিধিমত তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ১৪,৫০০ (চৌদ্দ হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) টাকা, ৪টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. প্রিন্স মাহমুদ (৩৭), মনিরা বেগম মিষ্টি (৩০), মো. জহিরুল হক তুহিন (৩২) এবং মোছা. জলি বেগম (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় সংঘবদ্ধভাবে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। ঢাকায় ইয়াবা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে যশোরে নিয়ে গিয়ে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করত। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তারা কৌশল বদলিয়ে মোটরসাইকেল ব্যবহার করে মাদক পরিবহন করছিল।
তদন্তে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে পারিবারিক ও ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক থাকায় তারা দীর্ঘদিন ধরে একটি সু-সংগঠিত নেটওয়ার্ক হিসেবে কাজ করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ডিএমপি’র শ্যামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্য, অর্থদাতা ও সহযোগীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তদন্ত অব্যাহত রয়েছে।
দেশে নিষিদ্ধ ইয়াবাসহ সকল ধরনের অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডিএনসি’র গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন