প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রে শিশুদের শিক্ষা, আর্থিক অবস্থা এবং বসবাসের পরিবেশের ভিত্তিতে তৈরি একটি বেসরকারি সূচকে প্রথম স্থান অধিকার করেছে টেক্সাসের ফ্রিসকো। একই অঙ্গরাজ্যের প্লানো দ্বিতীয় স্থানে এবং ক্যালিফোর্নিয়ার আরভাইন তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষ চারটি শহরের মধ্যে তিনটি টেক্সাসের।
শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষায়িত কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান প্রোকেয়ার থেরাপি ৯ সেপ্টেম্বর ‘২০২৬ আমেরিকাস চাইল্ডহুড ওয়েল-বিয়িং ইনডেক্স’ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের ১০০টি জনবহুল শহরের উপর ভিত্তি করে তৈরি এই সূচকে স্কুলে দীর্ঘমেয়াদি অনুপস্থিতি, শিশুদারিদ্র্য, বাড়িতে সিসার সংস্পর্শের ঝুঁকি, পার্কে যাওয়ার সুযোগ এবং তৃতীয় শ্রেণির পড়ার দক্ষতা মূল্যায়ন করা হয়েছে।
ফ্রিসকোর স্কোর ৮৯ দশমিক ৮, যেখানে শিশুদারিদ্র্যের হার ৩ দশমিক ৯ শতাংশ এবং স্কুলে দীর্ঘমেয়াদি অনুপস্থিতির হার ৫ দশমিক ৬ শতাংশ।
তালিকার চতুর্থ স্থানে টেক্সাসের ম্যাককিনি রয়েছে। এরপর অ্যারিজোনার চ্যান্ডলার, আইডাহোর বোইসি, ক্যালিফোর্নিয়ার সান হোসে, ভার্জিনিয়ার চেসাপিক, নেভাডার হেন্ডারসন এবং ক্যালিফোর্নিয়ার চুলা ভিস্তা স্থান পেয়েছে।
অন্যদিকে, নিউইয়র্ক সিটি ৩৯তম, বস্টন ৮৮তম, শিকাগো ৮৯তম, ফিলাডেলফিয়া ৯৪তম এবং বাফেলো ৯৯তম অবস্থানে রয়েছে। তালিকার শেষ স্থানে রয়েছে ডেট্রয়েট।
সূচকটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। ২১টি শহরের পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ার কারণে সেসব ক্ষেত্রে অন্য শহরগুলোর মধ্যক মান ব্যবহার করা হয়েছে এবং মূল তুলনামূলক বিশ্লেষণ থেকে কিছু শহর বাদ রাখা হয়েছে। প্রকাশক প্রতিষ্ঠান জানিয়েছে, এই সূচক শিশুদের জীবনমানের পূর্ণাঙ্গ মূল্যায়ন নয়; বরং নির্বাচিত কিছু বিষয়ের ভিত্তিতে শহরগুলোর তুলনামূলক চিত্র উপস্থাপন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন